ভারতের নির্বাচনের ভাগ্য নির্ধারণের দিন ছিল ৪ মে। নির্বাচন কমিশনের অফিসের ভেতর যখন কর্মকর্তারা ব্যস্ত ভোটগণনা নিয়ে, তখন বাইরে ইন্টারনেটে চলছিল ‘লাইক’, ‘রিঅ্যাকশন’ আর হাসির জোয়ার। টেলিভিশনের স্ক্রিনে যখন ভোটের সংখ্যা নিয়ে টানটান উত্তেজনা, তখন নেটিজেনদের মিম কারখানা থেকে বেরোচ্ছে একের পর এক ভাইরাল মুহূর্ত।
ভারতীয় বাবার মিম
ভারতের প্রতিটি বাড়ির চিত্র যেন প্রায় একই—নির্বাচনের দিন বাবারা টিভির সামনে শক্ত হয়ে বসে থাকেন, আর পছন্দের দলের ভোট কমলেই চিৎকার করে ওঠেন। নির্বাচনের দিনে ভারতীয় বাবাদের এই আচরণ নিয়ে তৈরি মিম এখন নেটদুনিয়ায় সবচেয়ে জনপ্রিয়।
বিজেপির মিম আধিপত্য
মিম-দুনিয়ায় এবারের নির্বাচনে বিজেপি যেন একচ্ছত্র আধিপত্য বিস্তার করেছে। ভোট গণনার ট্রেন্ডের সঙ্গে পাল্লা দিয়ে সোশ্যাল মিডিয়ায় ছড়িয়েছে অমিত শাহ ও জয় শাহর একটি মিম, যেখানে অমিত শাহকে বলতে দেখা যাচ্ছে, এভাবেই অরেঞ্জ আর্মিকে জেতাতে হয়। আবার প্রধানমন্ত্রী মোদির একটি মিম ভাইরাল হয়েছে, যেখানে তাঁকে বলতে দেখা যাচ্ছে, কেন বসে আছো, ওঠো আর নাচ।
পশ্চিমবঙ্গের মিম
পশ্চিমবঙ্গের নির্বাচনের ফলাফল নিয়ে মিমের ছড়াছড়ি। কোথাও দেখা যাচ্ছে মমতা ব্যানার্জিকে নিয়ে বানানো মিম, যেখানে টিভি স্ক্রিনের দিকে একজন স্নায়ুচাপে তাকিয়ে আছেন, আবার কোথাও দেখা যাচ্ছে শুভেন্দু অধিকারী জয়ের মঞ্চে সবার উপরে। এর বাইরেও একটি অদ্ভুত তত্ত্ব তুলে ধরেছেন নেটিজেনরা, ডিসেম্বরে লিওনেল মেসির কলকাতা সফর নিয়ে। সোশ্যাল মিডিয়া ব্যবহারকারীরা মেলাচ্ছেন, কীভাবে ২০১১ সালের সেপ্টেম্বরে মেসির সফরের চার মাস আগে সিপিএমের ৩৪ বছরের শাসনের অবসান হয়েছিল এবং ২০২৫ সালের ডিসেম্বরের সফরের পাঁচ মাস পর তৃণমূলের শাসনের পতন ঘটল।
থালাপতি বিজয় ও ধোনির মিম
তালিকায় বাদ যাননি থালাপতি বিজয়-ও। টিভিকে প্রধান বিজয়ের সিনেমাটিক ঢং ও এমএস ধোনির ভক্ত হওয়ার সুবাদে নেটিজেনদের দাবি, তুমি যদি ধোনির ভক্ত হও, তবে তোমার জেতা নিশ্চিত।
কংগ্রেসের মিম গল্প
তবে মিম-দুনিয়ায় কংগ্রেসের জন্য যেন আলাদা এক গল্প। কংগ্রেসকে নিয়ে তৈরি মিমগুলোতে ‘ম্যায় হুঁ না’ সিনেমার ক্লিপ ব্যবহার করে তাদের করুণ পরিস্থিতির ইঙ্গিত দেওয়া হয়েছে। এমনকি আর্যভট্টের শূন্য আবিষ্কারের ইতিহাস টেনে কংগ্রেসের প্রাপ্ত আসনের সংখ্যা নিয়ে মশকরাও করতে ছাড়েননি নেটিজেনরা। অনেকে আবার মিম বানিয়েছেন কংগ্রেসের দৌড় নিয়ে, যেখানে তাদের দৌড় শুরু হয়েছে রেসের শুরু থেকে নয়, বরং সমাপ্তি রেখা থেকে!
ভোটের রাজনীতির বাইরেও ইন্টারনেটের এই মিম সংস্কৃতি যেন এবারের নির্বাচনের এক অবিচ্ছেদ্য অংশ হয়ে উঠেছে, যেখানে গম্ভীর সব সংঘাতও রূপ নিয়েছে ভাইরাল বিনোদনে।



