চট্টগ্রামে তুচ্ছ ঘটনায় চার বছরের শিশুকে ছুরিকাঘাত, নাড়িভুঁড়ি বের
চট্টগ্রামে তুচ্ছ ঘটনায় শিশুকে ছুরিকাঘাত, নাড়িভুঁড়ি বের

চট্টগ্রাম নগরের কোতোয়ালি থানার বিআরটিসি জামতলা বস্তি এলাকায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে চার বছরের এক শিশুকে ছুরিকাঘাত করা হয়েছে। এতে শিশুটির নাড়িভুঁড়ি বেরিয়ে যায়। তাকে দ্রুত হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকেরা অস্ত্রোপচার করেন। বর্তমানে নগরের একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে শিশুটি।

ঘটনার বিবরণ

গতকাল শুক্রবার রাত আটটার দিকে এ ঘটনা ঘটে। শিশুটির নাম মোহাম্মদ দিয়ান (৪)। তার বাসা নগরের এনায়েত বাজার এলাকায়। সেখান থেকে পরিবারের সদস্যদের সঙ্গে জামতলা এলাকায় নানাবাড়িতে বেড়াতে এসেছিল সে। নানাবাড়িতে খেলার সময় তার মামা আজহারুল হকের সঙ্গে এক প্রতিবেশীর ঝগড়া লাগে।

শিশুটির মামা আজহারুল হক প্রথম আলোকে বলেন, তুচ্ছ বিষয় নিয়ে প্রতিবেশী নুরুন্নবীর সঙ্গে তাঁদের ঝগড়া লাগে। একপর্যায়ে নুরুন্নবী তাঁকে ছুরি নিয়ে মারতে আসেন। তাঁকে আঘাত করতে না পেরে তিনি তাঁর বাসায় বেড়াতে আসা চার বছর বয়সী ভাগনে দিয়ানকে ছুরি দিয়ে আঘাত করেন। এতে শিশুটির নাড়িভুঁড়ি বের হয়ে যায়।

Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

চিকিৎসা ও আইনি ব্যবস্থা

আজহারুল হক বলেন, দিয়ানকে প্রথমে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। পরে সেখান থেকে নগরের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে রাতে অস্ত্রোপচার হয়। এ ঘটনায় থানায় মামলার প্রস্তুতি চলছে বলে জানান তিনি।

কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু জায়েদ মো. নাজমুন নুর প্রথম আলোকে বলেন, তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে চার বছরের এক শিশুকে ছুরিকাঘাত করা হয়। এতে তার নাড়িভুঁড়ি বের হয়ে যায়। এ ঘটনায় তিনজনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে এবং থানায় মামলার প্রস্তুতি চলছে।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ