যুক্তরাষ্ট্রের মিশিগানে শৌচাগারের পাইপ ঠিক করতে গিয়ে ১০ বছর আগে হারিয়ে যাওয়া একটি বাগদানের আংটি উদ্ধার করেছেন কয়েকজন কলমিস্ত্রি। মিশিগানের ‘টাইটান প্লাম্বিং’ প্রতিষ্ঠানের মালিক গ্রেগ জনসন জানান, হার্টল্যান্ড এলাকার একটি শপিং প্লাজার পয়োনিষ্কাশন লাইনে কাজ করার সময় তাঁরা পাইপের ভেতর চকচকে কিছু দেখতে পান। সেটি ছিল একটি বাগদানের আংটি।
আংটি উদ্ধারের ঘটনা
সংবাদমাধ্যম সিবিএস ডেট্রয়েটকে জনসন বলেন, ‘আমার এক কর্মী আংটিটি তুলে নেওয়ার পর আমরা একে অপরের দিকে তাকাই। তিনি বলেন, “এটা দিয়ে কী করব?” আমি তাঁকে বলি, চলো, মালিককে খুঁজে বের করা যায় কি না, দেখি।’
আংটি পাওয়ার খবর জানিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট দেয় প্রতিষ্ঠানটি। পোস্টটি দেখে সু নামের এক নারী যোগাযোগ করেন। তিনি কাছাকাছি ‘ফাউন্টেন অব ইয়ুথ স্পা’ নামের প্রতিষ্ঠানে কাজ করেন।
আংটির ইতিহাস
জনসন বলেন, সুর মনে পড়ে যায়, ১০ বছর আগে স্পাতে আসা এক গ্রাহক শৌচাগারের কমোডে আংটিটি ফেলে দিয়েছিলেন। তখন সু ও ওই গ্রাহক রাবারের গ্লাভস পরে সেটি উদ্ধারের চেষ্টা করেছিলেন। কিন্তু সেটি ততক্ষণে পাইপের গভীরে চলে যায়।
অবশেষে আংটির আসল মালিক ক্যারল ওরামের সঙ্গে যোগাযোগ করতে সক্ষম হন মিস্ত্রিরা। টাইটান প্লাম্বিং ফেসবুকে জানায়, ক্যারল ও তাঁর স্বামী রজারের দাম্পত্য জীবনের বয়স ৬০ বছরের বেশি। এত দিন পর আংটিটি আবার ফিরে পাবেন, তিনি কখনোই এমনটি ভাবেননি।



