কুষ্টিয়ায় অস্ত্রের মুখে এনজিওকর্মীর টাকা ছিনতাই, আহত ১
কুষ্টিয়ায় অস্ত্রের মুখে এনজিওকর্মীর টাকা ছিনতাই

কুষ্টিয়ার দৌলতপুরে দিনে-দুপুরে অস্ত্রের মুখে জিম্মি করে ব্র্যাকের এক নারী মাঠকর্মীর কাছ থেকে কালেকশনের প্রায় দেড় লাখ টাকা ছিনিয়ে নেওয়ার ঘটনা ঘটেছে। এ সময় হামলাকারীদের আঘাতে ওই কর্মী আহত হন।

ঘটনার বিবরণ

বৃহস্পতিবার (১১ জুন) বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার ফিলিপনগর ইউনিয়নের কলেজপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ব্র্যাকের মাঠকর্মী সুমাইয়া আক্তার মিতা গ্রাহকদের কাছ থেকে ঋণের কিস্তির টাকা সংগ্রহ করে অফিসে ফিরছিলেন। পথে কলেজপাড়া এলাকায় পৌঁছালে মুখোশধারী দুই দুর্বৃত্ত দেশীয় অস্ত্র নিয়ে তার গতিরোধ করে। পরে অস্ত্রের মুখে জিম্মি করে তার ওপর হামলা চালায়।

একপর্যায়ে সুমাইয়া আক্তার মাটিতে পড়ে গেলে দুর্বৃত্তরা তার কাছে থাকা কালেকশনের প্রায় দেড় লাখ টাকা ছিনিয়ে নিয়ে পাশের পাটখেতের ভেতর দিয়ে পালিয়ে যায়। হামলায় তার হাত ও মাথায় আঘাত লাগে বলে জানা গেছে। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রাথমিক চিকিৎসা দেন।

Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

ভুক্তভোগীর পরিচয়

সুমাইয়া আক্তার মিতা দৌলতপুরের হোসেনাবাদ ব্র্যাক অফিসে মাঠকর্মী হিসেবে কর্মরত। তিনি পার্শ্ববর্তী মিরপুর উপজেলার চারুলিয়া গ্রামের বাসিন্দা ও ফরহাদ আলীর স্ত্রী।

ভুক্তভোগীর বক্তব্য

ভুক্তভোগী সুমাইয়া আক্তার বলেন, গ্রাহকদের কাছ থেকে টাকা সংগ্রহ করে ফেরার পথে দুই অস্ত্রধারী ব্যক্তি আমাকে জিম্মি করে টাকা ছিনিয়ে নিয়ে যায়। তাদের মুখ ঢাকা ছিল, তাই কাউকে শনাক্ত করতে পারিনি।

প্রত্যক্ষদর্শীর বক্তব্য

হোসেনাবাদ ব্র্যাক অফিসের সহকারী ব্যবস্থাপক ফারুক হোসেন বলেন, আমাদের মাঠকর্মী সুমাইয়া আক্তার মিতা কালেকশনের টাকা নিয়ে ফেরার পথে সন্ত্রাসীদের কবলে পড়েন। দুর্বৃত্তরা অস্ত্রের মুখে জিম্মি করে তার কাছ থেকে প্রায় দেড় লাখ টাকা ছিনিয়ে নেয়। আমরা তাকে নিয়ে দৌলতপুর থানায় অভিযোগ দায়েরের প্রস্তুতি নিচ্ছি।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ

পুলিশের বক্তব্য

দৌলতপুর থানার ওসি আরিফুর রহমান বলেন, ব্র্যাকের এক কর্মীর কাছ থেকে টাকা ছিনতাইয়ের ঘটনার খবর পেয়েছি। ঘটনাস্থলে পুলিশের টিম পাঠানো হয়েছে। এখন পর্যন্ত কোনো লিখিত অভিযোগ পাইনি। অভিযোগ পেলে তদন্ত করে জড়িতদের আইনের আওতায় আনা হবে।