মাদক সেবনে বাধা দেওয়ায় সংঘর্ষ, শিশুসহ আহত ১৩
মাদক সেবনে বাধা দেওয়ায় সংঘর্ষ, শিশুসহ আহত ১৩

মাদক সেবনে বাধা দেওয়ায় সংঘর্ষ, শিশুসহ আহত ১৩

নেত্রকোনার মদন উপজেলায় মাদক সেবনে নিষেধ করায় দুপক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে শিশু ও নারীসহ কমপক্ষে ১৩ জন আহত হয়েছেন। বুধবার (৩ জুন) উপজেলার গোবিন্দশ্রী ইউনিয়নের পদমশ্রী গ্রামে এই সংঘর্ষের ঘটনা ঘটে।

আহত ব্যক্তিরা হলেন শামছুদ্দিন, রহুল মিয়া, মুতি মিয়া, শাওন মিয়া, ছালেম মিয়া, শফিউল হক, জানামুল, জান্নাত আক্তার, হাফিজুল রহমান, মিজানুর, অলি আক্তার ও রাহেলা আক্তার। তারা সবাই মদন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিচ্ছেন।

এ ঘটনায় স্বর্ণা আক্তার (১৩) নামে এক শিশু গুরুতর আহত হয়েছে। তাকে উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

ঘটনার বিবরণ

থানা ও পারিবারিক সূত্রে জানা যায়, পদমশ্রী গ্রামের শামীম মিয়ার ছেলে সানি মঙ্গলবার বিকালে হাওরের পাশে একই গ্রামের রেজ্জাক মিয়ার ছেলে পাশা ও জয় এবং তাদের সঙ্গীদের মাদক সেবন করে মাতলামি করতে দেখে নিষেধ করে। এ সময় তাদের মধ্যে কথাকাটাকাটি হয়। এর জের ধরে রেজ্জাক ও শামীমের লোকজনের মধ্যে সংঘর্ষ বেধে যায়।

সানির চাচা মিজানুর ও হাফিজুল জানান, রেজ্জাকের ছেলেরা তাদের দলবল নিয়ে গতকাল সন্ধ্যায় মাদক সেবন করে মাতলামি করছিল। তখন সানি তাদের নিষেধ করে। এ নিয়ে তিন পাড়া মিলে তাদের ওপর আক্রমণ করে। এতে তারা সবাই আহত হন। স্বর্ণা আক্তার নামে এক শিশু গুরুতর আহত হয়েছে। তার বেঁচে থাকার বিষয়ে আশঙ্কা প্রকাশ করেছেন তারা।

অন্যদিকে, রেজ্জাকের দলের জোবায়ের জানান, গত দুদিন আগে তাদের সঙ্গে অন্য বিষয় নিয়ে তর্ক-বিতর্ক হয়। বুধবার মাদক নিয়ে কোনো মারামারির ঘটনা ঘটেনি।

পুলিশের বক্তব্য

মদন থানার ওসি তদন্ত অসীম কুমার বলেন, তিনি নেত্রকোনায় রয়েছেন। খোঁজ নিয়ে বিস্তারিত জানানো হবে।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ