অনলাইন জুয়া সমাজের জন্য নতুন হুমকি, আসছে কঠোর আইন
অনলাইন জুয়া সমাজের জন্য নতুন হুমকি, আসছে কঠোর আইন

একসময় জুয়া নির্দিষ্ট কিছু এলাকায় সীমাবদ্ধ থাকলেও এখন তা পৌঁছে গেছে হাতের মুঠোয়। স্মার্টফোন আর ইন্টারনেটের সহজলভ্যতায় সমাজের প্রায় সব শ্রেণি-পেশার মানুষ জড়িয়ে পড়ছেন অনলাইন বেটিংয়ে। চলতি মে মাসে অনলাইন জুয়া ও মাদকসংক্রান্ত অপরাধের বিস্তারকে ‘নতুন ঝুঁকি’ হিসেবে চিহ্নিত করেছে মানবাধিকার সংস্কৃতি ফাউন্ডেশন (এমএসএফ)।

প্রতিবেদনে উঠে এসেছে ভয়াবহ চিত্র

সংস্থাটির প্রকাশিত জেন্ডারভিত্তিক সহিংসতা মনিটরিং প্রতিবেদনে বলা হয়েছে, অনলাইন জুয়ার ঘটনায় একজনের মৃত্যু এবং পাঁচজন গ্রেফতারের তথ্য উঠে এসেছে। একই সময়ে মাদকসংক্রান্ত ঘটনায় চারজন নিহত, ১৯ জন আহত এবং ১৫ জন আটক হয়েছেন।

সংস্থাটির প্রতিবেদনের সত্যতা মেলে সম্প্রতি কিছু অপরাধের চিত্রতেও। অনলাইন জুয়ার ভয়াবহতা এখন শুধু অর্থনৈতিক ক্ষতিতেই সীমাবদ্ধ নেই; বাড়ছে খুন, আত্মহত্যা ও সহিংস অপরাধও। গত ২৫ এপ্রিল ঢাকার ধামরাইয়ে জুয়ার ঋণ শোধ করতে গিয়ে এক এসএসসি পরীক্ষার্থীকে হত্যা করে তার স্বর্ণালঙ্কার ছিনিয়ে নেওয়ার অভিযোগ ওঠে প্রতিবেশী এক ব্যক্তির বিরুদ্ধে।

Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

এর আগে ময়মনসিংহের ত্রিশালে জুয়ার টাকা জোগাড় করতে না পেরে এক যুবক নিজের বাবা-মাকে হত্যা করে ঘরের মেঝেতে পুঁতে রাখেন বলে অভিযোগ উঠে। রাজধানীর কলাবাগানে জুয়ার টাকার জন্য পরিবারের সঙ্গে বিরোধের জেরে এক শিক্ষার্থীর আত্মহত্যার ঘটনাও আলোড়ন তোলে।

অপরাধের সঙ্গে সম্পর্ক স্পষ্ট

আইনশৃঙ্খলা বাহিনীর কর্মকর্তারা বলছেন, অনলাইন জুয়ার সঙ্গে প্রতারণা, সাইবার অপরাধ, চুরি, ছিনতাই ও পারিবারিক সহিংসতার মতো অপরাধের সম্পর্ক ক্রমেই স্পষ্ট হয়ে উঠছে।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ

সবার মধ্যে ছড়িয়ে পড়ছে আসক্তি

সংশ্লিষ্ট সূত্র বলছে, ফুটপাতের চা-দোকানি, সেলুন কর্মী, হকার, সিকিউরিটি গার্ড, বিক্রয়কর্মী, গৃহপরিচারিকা, রিকশাচালক ও দিনমজুরের মতো নিম্ন আয়ের মানুষ থেকে শুরু করে বাস-ট্রাকের চালক-হেলপার, সিএনজিচালক, এমনকি কলেজ-বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরাও দিনের বড় একটি সময় কাটাচ্ছেন অনলাইনে বাজি ধরে।

শুরুতে ‘ফ্রি বোনাস’, ‘গ্যারান্টি জয়’ কিংবা ‘প্রথম ডিপোজিটে দ্বিগুণ টাকা’র মতো অফারে আকৃষ্ট করা হয় ব্যবহারকারীদের। প্রথম দিকে ইচ্ছাকৃতভাবে কিছু টাকা জিতিয়ে মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে অ্যাকাউন্টে পাঠানো হয়। এতে দ্রুতই তৈরি হয় আসক্তি। পরে বড় অঙ্কের টাকা হারিয়ে নিঃস্ব হয়ে পড়েন অনেকেই।

পুলিশের বক্তব্য

ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের ডিসি এন এম নাসিরুদ্দিন বলেন, পুলিশের সাইবার টিমগুলো সর্বদা সতর্ক রয়েছে এবং জুয়ার সাইটগুলো বন্ধে কাজ করছে। তবে ব্যক্তিগত পর্যায়ে কেউ গোপনে আসক্ত হয়ে পড়লে পুলিশের পক্ষে তা জানা কঠিন হয়ে পড়ে।

সিআইডির বিশেষ পুলিশ সুপার (মিডিয়া) জসীম উদ্দিন খান বলেন, অনলাইন জুয়া বন্ধে আমাদের সাইবার মনিটরিং ও বিশেষ অভিযান চলছে। নিয়মিত জুয়ার সাইট শনাক্ত করে বিটিআরসিতে পাঠানো হচ্ছে।

পুলিশ সদর দফতরের এআইজি (মিডিয়া) এ এইচ এম শাহাদাত হোসাইন বিষয়টিকে সমাজ ও অর্থনীতির জন্য বড় হুমকি উল্লেখ করে বলেন, অনলাইন জুয়ায় অংশ নেওয়া, প্রচারণা চালানো বা এজেন্ট হওয়া— তিনটিই শাস্তিযোগ্য অপরাধ। গ্রামীণ এলাকায় ইন্টারনেটের সহজলভ্যতাকে পুঁজি করে কেউ যেন একে ডিজিটাল আসক্তিতে রূপ দিতে না পারে, সেজন্য পুলিশের সাইবার মনিটরিং টিম সক্রিয় রয়েছে।

আসছে কঠোর ও আধুনিক আইন

১৮৬৭ সালের পুরোনো আমলের পুরনো জুয়া আইন দিয়ে বর্তমানের আধুনিক ডিজিটাল অপরাধ দমন করা কঠিন হয়ে পড়েছে। তাই এই পরিস্থিতি মোকাবিলায় একটি সম্পূর্ণ নতুন ও যুগোপযোগী আইন প্রণয়ন করতে যাচ্ছে সরকার।

সম্প্রতি সচিবালয়ে বাংলাদেশ সেক্রেটারিয়েট রিপোর্টার্স ফোরাম (বিএসআরএফ) আয়োজিত মতবিনিময় সভায় স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেন, ১৮৬৭ সালের জুয়া আইন বাতিল করে জুয়া, বেটিং ও অনলাইন জুয়া প্রতিরোধে একটি সম্পূর্ণ নতুন, আধুনিক আইন প্রণয়নের কাজ চূড়ান্ত পর্যায়ে রয়েছে। আগামী সংসদ অধিবেশনেই এই আইনটি পাসের জন্য বিল আকারে উত্থাপন করা হতে পারে।

সংশ্লিষ্টরা মনে করছেন, নতুন এই আইন কার্যকর হলে অনলাইন জুয়ার সঙ্গে জড়িত অপরাধী চক্রগুলোর বিরুদ্ধে আরও কঠোর ও দৃষ্টান্তমূলক ব্যবস্থা নেওয়া সম্ভব হবে বলে আশা করা হচ্ছে।