হরমুজ প্রণালিতে ইরান মাইন পেতেছিল এমন দাবি এখনও নিশ্চিত করতে পারেনি ওয়াশিংটন। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছিলেন, যুক্তরাষ্ট্র যে অল্প কিছু মাইন অপসারণ করতে পারেনি, সেগুলো সরিয়ে নিতে ইরান সম্মত হয়েছে। তবে মার্কিন দুই কর্মকর্তা এবং এই বিষয়ে অবগত এক ব্যক্তির বরাত দিয়ে এনবিসি নিউজ জানিয়েছে, এখনও পর্যন্ত সেই দাবি নিশ্চিত হওয়া যায়নি।
গোয়েন্দা তথ্য ও তল্লাশি অভিযান
এনবিসির প্রতিবেদনে বলা হয়েছে, যুদ্ধের শুরুর দিকে যুক্তরাষ্ট্র ও তার মিত্র দেশগুলোর গোয়েন্দা তথ্য থেকে ধারণা পাওয়া গিয়েছিল যে, ইরান হরমুজ প্রণালিতে মাইন স্থাপন করেছে। তবে পরবর্তীতে যুক্তরাষ্ট্রের চালানো পানির নিচে তল্লাশি অভিযানে নিশ্চিতভাবে মাইন হিসেবে চিহ্নিত করা যায় এমন কিছুর সন্ধান পাওয়া যায়নি।
হুমকির মাত্রা কম
বিষয়টির সঙ্গে অবগত ওই ব্যক্তি বলেন, যদি কিছু থেকেও থাকে, তবে হুমকির মাত্রা আমাদের আশঙ্কার তুলনায় অনেক কম ছিল। এনবিসির প্রতিবেদনে আরও বলা হয়েছে, এখন পর্যন্ত পাওয়া তথ্যের ভিত্তিতে হরমুজ প্রণালিতে ইরানের মাইন পেতে রাখার বিষয়ে চূড়ান্ত নিশ্চিত হওয়া যায়নি।
মার্কিন কর্মকর্তারা জানিয়েছেন, তারা বিষয়টি পর্যবেক্ষণ করছেন এবং প্রয়োজন হলে আরও তল্লাশি চালানো হবে। তবে বর্তমানে এই ঘটনাকে কেন্দ্র করে কোনো জরুরি ব্যবস্থা নেওয়া হচ্ছে না।



