চট্টগ্রাম বন্দরে তেলবাহী জাহাজে আগুন, ২২ ক্রু উদ্ধার
চট্টগ্রাম বন্দরে তেলবাহী জাহাজে আগুন, ক্রু উদ্ধার

চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে একটি তেলবাহী জাহাজে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। জাহাজটিতে থাকা ২২ জন ক্রুকে নিরাপদে উদ্ধার করা হয়েছে। কোস্টগার্ড জানিয়েছে, এ ঘটনায় কোনো হতাহতের খবর নেই।

ঈদের দিন সকালে অগ্নিকাণ্ড

পবিত্র ঈদুল ফিতরের দিন বৃহস্পতিবার (২৮ মে) সকাল ৭টা ২৫ মিনিটে ‘এমটি মেঘনা ট্রেডার’ নামের জাহাজটিতে আগুন লাগে। খবর পেয়ে বাংলাদেশ কোস্টগার্ডের একাধিক ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ জানায়, বেলা সাড়ে ১১টার দিকে আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আসে।

উদ্ধার ও আগুন নিয়ন্ত্রণে কার্যক্রম

কোস্টগার্ড সূত্রে জানা যায়, আগুন নেভাতে কোস্টগার্ড জাহাজ ‘শ্যামল বাংলা’ ও ‘বিসিজিটি প্রমত্ত’ ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কাজ শুরু করে। এছাড়া বিসিজি বেইস চট্টগ্রাম, বিসিজি আউটপোস্ট পতেঙ্গা এবং হাইস্পিড বোটসহ দুটি অগ্নিনির্বাপণ দলও মোতায়েন করা হয়। তাৎক্ষণিকভাবে অগ্নিকাণ্ডের কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি।

Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

দুর্ঘটনার পরপরই ইঞ্জিন রুম থেকে ক্রুদের দ্রুত সরিয়ে নেওয়া হয় এবং জাহাজটিতে কার্বন ডাই-অক্সাইড রিলিজ করা হয়। খবর পেয়ে চট্টগ্রাম বন্দরের টাগবোট কাণ্ডারি-৩ ও কাণ্ডারি-১১, বাংলাদেশ নৌবাহিনীর টাগ বিএনটি সেবক এবং বাংলাদেশ কোস্টগার্ডের টাগবোট প্রমত্ত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে।

জাহাজের বিবরণ ও বর্তমান পরিস্থিতি

চট্টগ্রাম বন্দরের চিফ পারসোনেল অফিসার মো. নাসির উদ্দিন গণমাধ্যমকে বলেন, ইন্দোনেশিয়া থেকে আরবিডি সয়াবিন নিয়ে গত ২৬ মে জাহাজটি চট্টগ্রাম বন্দরের আউটার অ্যাংকরেজে পৌঁছায়। বৃহস্পতিবার সকালে ওই জাহাজে আগুন লাগে। সাড়ে ১১টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে। জাহাজটির সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণে বন্দর কর্তৃপক্ষ, কোস্টগার্ড, নৌবাহিনী এবং জাহাজটির স্থানীয় এজেন্ট যৌথভাবে কাজ করছে।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ