মালদ্বীপে অবস্থানরত প্রবাসী বাংলাদেশি কর্মী ইমাম হোসেনকে (২১) দেশে প্রত্যাবর্তনের জন্য একটি বিমান টিকিট হস্তান্তর করেছেন মালদ্বীপে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার ড. মো. নাজমুল ইসলাম। বিমান টিকিটটি প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের অধীন ওয়েজ আরনার্স কল্যাণ বোর্ডের কল্যাণ তহবিল থেকে দেওয়া হয়।
ইমাম হোসেনের অবস্থা ও হাইকমিশনের পদক্ষেপ
ইমাম হোসেন কক্সবাজার জেলার রামু উপজেলার বাসিন্দা। তিনি মালদ্বীপে অত্যন্ত মানবিক সংকটপূর্ণ ও কষ্টকর পরিস্থিতিতে অবস্থান করছিলেন। বিষয়টি অবগত হওয়ার পর বাংলাদেশ হাইকমিশন, মালদ্বীপ সম্পূর্ণ মানবিক দৃষ্টিকোণ থেকে দ্রুত প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করে এবং তাকে নিরাপদে দেশে প্রত্যাবর্তনের ব্যবস্থা করে।
প্রত্যর্পণ অনুষ্ঠানে উপস্থিত কর্মকর্তারা
এসময় মিশনের প্রথম সচিব মো. মোতাছেম বিল্যাহ এবং তৃতীয় সচিব সৈয়দ আমজাদ আলী উপস্থিত ছিলেন।
হাইকমিশনারের বক্তব্য
এসময় হাইকমিশনার বলেন, “প্রবাসী বাংলাদেশিদের কল্যাণ, নিরাপত্তা, অধিকার ও মর্যাদা রক্ষা করা বাংলাদেশ সরকারের অন্যতম অগ্রাধিকার।” তিনি উল্লেখ করেন যে, “বিদেশে অবস্থানরত প্রতিটি বাংলাদেশি নাগরিক দেশের সম্পদ এবং তাদের যেকোনও মানবিক সংকট, দুর্দশা বা জরুরি পরিস্থিতিতে বাংলাদেশ হাইকমিশন সর্বোচ্চ আন্তরিকতা, সহমর্মিতা ও দায়িত্বশীলতার সঙ্গে পাশে থাকার চেষ্টা করে।”
তিনি আরও বলেন, “বাংলাদেশ সরকার ও বাংলাদেশ হাইকমিশন সবসময় প্রবাসী বাংলাদেশিদের মানবিক সহায়তা, সুরক্ষা ও প্রয়োজনীয় সহযোগিতা নিশ্চিত করতে প্রতিশ্রুতিবদ্ধ। এই ধরনের উদ্যোগ প্রবাসীদের প্রতি সরকারের দায়িত্ববোধ, আন্তরিকতা এবং মানবিক অঙ্গীকারের প্রতিফলন।”
ভবিষ্যৎ প্রতিশ্রুতি
বাংলাদেশ হাইকমিশন প্রবাসী বাংলাদেশিদের কল্যাণে বাংলাদেশ সরকারের অব্যাহত মানবিক ও কল্যাণমূলক কার্যক্রমের কথা পুনর্ব্যক্ত করেছে এবং ভবিষ্যতেও বিপদগ্রস্ত প্রবাসীদের পাশে থেকে প্রয়োজনীয় সহায়তা প্রদানে প্রতিশ্রুতি ব্যক্ত করেছে।



