প্রবাসীদের ভোগান্তি কমাতে ডিসিদের নির্দেশ: প্রতিমন্ত্রী
প্রবাসীদের ভোগান্তি কমাতে ডিসিদের নির্দেশ

প্রবাসী কল্যাণ ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী নুরুল হক নূর বলেছেন, বৈধপথে বিদেশগমন সহজ করতে এবং প্রবাসীদের ভোগান্তি কমাতে জেলা প্রশাসকদের সমন্বিতভাবে কাজ করার নির্দেশ দেওয়া হয়েছে। দালাল চক্রের বিরুদ্ধে ব্যবস্থা নিতেও জোর দেওয়া হয়েছে।

জেলা প্রশাসক সম্মেলনে প্রতিমন্ত্রীর বক্তব্য

সোমবার (৪ মে) জেলা প্রশাসক সম্মেলনের দ্বিতীয় দিনে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের সেশন শেষে তিনি এসব কথা জানান।

প্রতিমন্ত্রী বলেন, অনেকেই সঠিক তথ্য না জেনে বিদেশে যাওয়ার চেষ্টা করেন, ফলে প্রতারকদের ফাঁদে পড়ে ক্ষতিগ্রস্ত হন। এ অবস্থায় বিভাগীয় কমিশনার, জেলা প্রশাসক (ডিসি) ও উপজেলা নির্বাহী কর্মকর্তাদের (ইউএনও) সম্পৃক্ত করে সচেতনতা বাড়াতে সভা-সেমিনার আয়োজনের নির্দেশনা দেওয়া হয়েছে।

Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

কারিগরি প্রশিক্ষণ ও সেবা সম্প্রসারণ

তিনি জানান, দেশে বর্তমানে ১০৪টি কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র রয়েছে, যেখানে প্রায় ৫৮টি ট্রেডে বিদেশগামীদের বিনা খরচে বা স্বল্প খরচে প্রশিক্ষণ দেওয়া হয়। পাশাপাশি ছয়টি মেরিন প্রশিক্ষণ কেন্দ্র রয়েছে এবং আরও ৪০টি কেন্দ্র চালুর প্রক্রিয়ায় আছে। নতুন করে আরও ৫০টি কেন্দ্র স্থাপনের উদ্যোগ নেওয়া হয়েছে। এসব প্রশিক্ষণে অংশ নিতে আগ্রহ বাড়াতে জেলা প্রশাসকদের বলা হয়েছে।

প্রবাসীদের সেবা সহজ করতে ‘ওয়ানস্টপ সার্ভিস’ চালুর পরিকল্পনা রয়েছে বলেও জানান প্রতিমন্ত্রী। তিনি বলেন, পাসপোর্টসহ প্রয়োজনীয় সেবা জেলা পর্যায়েই সম্পন্ন করার বিষয়টি নিয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সঙ্গে আলোচনা চলছে। প্রবাসী কল্যাণ ব্যাংকের ঋণ কার্যক্রমও সম্প্রসারণের চিন্তা রয়েছে।

ঋণ সুবিধা ও দালাল দমন

বর্তমানে জাপান, কোরিয়া ও চীনে ভাষা কোর্সে যাওয়া শিক্ষার্থীদের জন্য ঋণ সুবিধা চালু রয়েছে এবং বিদেশগামী কর্মীদের জন্য বিদ্যমান ৩ লাখ টাকার ঋণ ৫ লাখে উন্নীত করার বিষয়টি বিবেচনায় আছে, জানান নুরুল হক নূর।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ

প্রতিমন্ত্রী বলেন, ‘ঢাকা বিমানবন্দরসহ তিনটি আন্তর্জাতিক বিমানবন্দরে প্রবাসী কল্যাণ ডেস্ক রয়েছে, যা অনেকেই জানেন না। এসব ডেস্ক প্রবাসীদের সেবায় নিয়োজিত।’

দালাল চক্রের বিষয়ে তিনি বলেন, অভিবাসন আইন সংশোধন করে শাস্তি বাড়ানো হয়েছে। অবৈধ পথে ইউরোপগামীদের ঝুঁকিপূর্ণ যাত্রা রোধে সচেতনতা বাড়ানো এবং আন্তর্জাতিক সংস্থার সঙ্গে সমন্বয় করে কাজ চলছে।

তিনি আশা প্রকাশ করেন, আগামী কয়েক মাসের মধ্যে এ উদ্যোগগুলোর অগ্রগতি দৃশ্যমান হবে।