সাপ্তাহিক ছুটির দিনে গত শুক্রবার (২৪ এপ্রিল ২০২৬) প্রবাসীদের দোরগোড়ায় বিভিন্ন সেবা পৌঁছে দেওয়ার লক্ষ্যে বাংলাদেশ দূতাবাস, মানামা, বাহরাইন কর্তৃক বাহরাইনের হামাদ টাউন এবং পার্শ্ববর্তী এলাকায় বসবাসরত বাংলাদেশিদের জন্য বিশেষ কনস্যুলার সেবা প্রদানের আয়োজন করে। ওই এলাকার প্রবাসীরা বিভিন্ন সেবা গ্রহণের জন্য উপস্থিত হন।
প্রায় ৩০০ জন সেবাগ্রহীতা
প্রায় ৩০০ জন সেবাগ্রহীতা বিভিন্ন কনস্যুলার সেবা তথা পাসপোর্ট সেবা, জন্মনিবন্ধন সেবা, বিশেষ আইনগত সেবা, ওয়েজ আর্নার্স সদস্যপদ নিবন্ধন সেবা এবং ফ্রি মেডিক্যাল সেবা গ্রহণ করেন।
রাষ্ট্রদূতের পরিদর্শন
রাষ্ট্রদূত মো. রইস হাসান সরোয়ার কনস্যুলার ক্যাম্প পরিদর্শন করেন। সেখানে আগত প্রবাসীদের তিনি স্বাগত জানান এবং তাঁদের সঙ্গে মতবিনিময় করেন।
সাপ্তাহিক ছুটির দিনে একই ছাতার নিচে পাসপোর্ট সেবা, জন্মনিবন্ধন সেবা, বিশেষ আইনগত সেবা, ওয়েজ আর্নার্স সদস্যপদ নিবন্ধন সেবা পাওয়ায় আগত প্রবাসীরা দূতাবাসের এ কার্যক্রমে তাঁদের বেশ উপকার হয়েছে বলে জানান। অন্যদিকে একই সঙ্গে ফ্রি মেডিক্যাল সেবা প্রদানের জন্য তাঁরা দূতাবাসের প্রশংসা করেন এবং বাহরাইনের বিভিন্ন স্থানে এ ধরনের ক্যাম্প আয়োজনের জন্য দূতাবাসকে অনুরোধ করেন।
দূতাবাসের কর্মকর্তাগণ
কনস্যুলার ক্যাম্পে দূতাবাস হতে আরও উপস্থিত ছিলেন মো. সোহাগ হোসেন প্রথম সচিব (পাসপোর্ট ও ভিসা), মো. মাহফুজুর রহমান, প্রথম সচিব (শ্রম) ও দূতাবাসের অন্যান্য কর্মকর্তা ও কর্মচারীরা।
দূর পরবাসে জীবনের গল্প, নানা আয়োজনের খবর, ভিডিও, ছবি ও লেখা পাঠাতে পারবেন পাঠকেরা। ই-মেইল: [email protected]



