সিঙ্গাপুরে 'মাইগ্রান্ট ওয়ার্কার্স সিঙ্গাপুর' (এমডব্লিউএস)-এর উদ্যোগে গত রোববার (৩১ মে ২০২৬) মহান মে দিবস পালিত হয়েছে। দেশটির ম্যাকপারসন রোডের গ্রান্টট্রাল মলের 'দ্য প্রোডাকশন স্টুডিও'তে বেলা ১টা থেকে বিকেল ৫টা পর্যন্ত এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে অভিবাসী কর্মীদের সম্মান
এমডব্লিউএস-এর পক্ষ থেকে মে দিবস উপলক্ষে আয়োজিত কালচার শো-তে অভিবাসী কর্মীদের প্রতিভা তুলে ধরা হয়। এবারের অনুষ্ঠানের প্রতিপাদ্য ছিল 'আওয়ার মিলস ম্যাটার'। মূলত অভিবাসী কর্মীদের কঠোর পরিশ্রম, প্রতিভা ও মনোবলকে সম্মান জানাতে প্রতিবছর এই আয়োজন করা হয়।
অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য দেন মাইগ্রান্ট ওয়ার্কার্স সিঙ্গাপুরের প্রতিষ্ঠাতা রিপন চৌধুরী। দর্শকে কানায় কানায় পূর্ণ ছিল। অভিবাসী কালচার শো-তে গান পরিবেশন করেন সিঙ্গাপুরে অবস্থিত বাংলাদেশি ফোক ব্যান্ড দলের সদস্যরা। নৃত্য পরিবেশন করে মাইগ্রান্ট ড্যান্সার সিঙ্গাপুর, সিক্সিব্লাক্স, ডায়নামিক ক্রু, এসএমভির ড্যান্স গ্রুপ ফিলিপাইনের গ্রাম্য নৃত্য, পিসিআইএস ড্যান্স গ্রুপ ইন্দোনেশিয়ান ফোক গানের সঙ্গে নৃত্য পরিবেশন করে। একক নৃত্য পরিবেশন করেন নেপালি-ভারতীয় নৃত্যশিল্পী নিতিকা রাই, ভারতীয় নৃত্যশিল্পী সানজানা মুকিয়া, ইন্দোনেশিয়ার নৃত্যশিল্পী লিলিস ডারমায়াতি ও তামিল নৃত্যশিল্পী বালা।
কবিতা আবৃত্তি ও আলোচনা
সিঙ্গাপুরে প্রবাসী কবি বেলাল হাসানের কবিতা আবৃত্তি করেন আবৃত্তিশিল্পী হায়দার আলী। 'এ ইমাজিনারি ডায়ালগ' শিরোনামের একটি পর্বে প্রবাসী শ্রমিকদের সামাজিক অন্তর্ভুক্তি নিয়ে আলোচনায় অংশ নেন বাংলাদেশি প্রবাসীদের পরিচিত মুখ আল-আমিন ও কাইল আহমেদ।
অভিবাসী কর্মীদের জীবনযাপনের পার্থক্য তুলে ধরে বক্তব্য দেন রিপন চৌধুরী। 'মাইগ্রান্ট ওয়ার্কার্স সিঙ্গাপুর'-এর পক্ষ থেকে 'ক্যাটারিং ফুড ক্যাম্পেইন'-এর চূড়ান্ত বিজয়ীদের হাতে সনদপত্র ও নগদ অর্থ তুলে দেওয়া হয়। প্রবাসী কর্মীদের খাবারের সমস্যা নিয়ে বিস্তারিত আলোচনায় অংশ নেন কোকিলা আনামালাই ও আশীষ কাবরা।
জাঁকজমকপূর্ণ আয়োজনে বিভিন্ন দেশের অংশগ্রহণ
অনুষ্ঠানে বিভিন্ন এনজিওর স্থানীয় শীর্ষ কর্মকর্তা, মাইগ্রান্ট এবং লোকাল কমিউনিটির সংগঠকেরা উপস্থিত ছিলেন। বাংলাদেশিদের পাশাপাশি ভারত, নেপাল, মালয়েশিয়া, ইন্দোনেশিয়া ও ফিলিপাইনের দর্শকরাও উপস্থিত ছিলেন। এটি ছিল সব শ্রেণি-পেশার মানুষের মিলনমেলা। সিঙ্গাপুরে লরি দুর্ঘটনায় মৃত্যুবরণ করা অভিবাসী কর্মীদের স্মরণ করে এক মিনিট নীরবতা পালন করা হয়।
অনুষ্ঠানটি শুরু থেকে শেষ পর্যন্ত পরিচালনায় মাইগ্রান্ট ওয়ার্কার্স সিঙ্গাপুরের প্রত্যেক স্বেচ্ছাসেবকের অক্লান্ত পরিশ্রম প্রশংসনীয়। সম্পূর্ণ অনুষ্ঠানটি উপস্থাপনা করেন মালয়েশিয়ান সিঙ্গাপুরিয়ান রাওডা।
উল্লেখ্য, সিঙ্গাপুরে মাইগ্রান্ট ওয়ার্কার্স সিঙ্গাপুর একমাত্র কমিউনিটি, যা অভিবাসী শ্রমিকদের অন্তর্ভুক্তি এবং অধিকার নিয়ে কাজ করে থাকে।



