পাকিস্তানের ‘দীর্ঘদিনের কলঙ্কিত’ গণহত্যার ইতিহাস রয়েছে বলে জানিয়েছে ভারত। বুধবার (২০ মে) জাতিসংঘের নিরাপত্তা পরিষদে ‘সশস্ত্র সংঘাতে বেসামরিক নাগরিকদের সুরক্ষা’-শীর্ষক বার্ষিক উন্মুক্ত বিতর্কে জাতিসংঘে ভারতের স্থায়ী প্রতিনিধি রাষ্ট্রদূত হরিশ পর্বতানেনি এ কথা বলেন। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদন থেকে এ তথ্য জানা যায়।
পাকিস্তানের সমালোচনা
হরিশ পর্বতানেনি বলেন, ‘এটি অত্যন্ত বিদ্রূপাত্মক যে, গণহত্যামূলক কর্মকাণ্ডের দীর্ঘদিনের কলঙ্কিত ইতিহাস থাকা সত্ত্বেও পাকিস্তান ভারতের সম্পূর্ণ অভ্যন্তরীণ বিষয়ে মন্তব্য করার সাহস দেখিয়েছে।’ চলতি বছরের শুরুর দিকে আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলার প্রসঙ্গ তুলে ভারতের রাষ্ট্রদূত বলেন, ‘বিশ্ব ভুলে যায়নি যে, এ বছরের মার্চে পবিত্র রমজান মাসে-যখন শান্তি, আত্মসমালোচনা ও দয়ার সময় চলছিল-পাকিস্তান কাবুলের উম্মিদ আসক্তি নিরাময় হাসপাতালে বর্বর বিমান হামলা চালায়।’
পাকিস্তানের অমানবিক আচরণ
এসময় পাকিস্তানের অমানবিক আচরণ আসলে নিজেদের অভ্যন্তরীণ ব্যর্থতাকে সীমান্তের ভেতরে ও বাইরে সহিংসতার মাধ্যমে অন্যদিকে ঠেলে দেওয়ার বহু দশকের চেষ্টার প্রতিফলন বলে জানিয়েছে ভারত। একইসঙ্গে আফগানিস্তানে পাকিস্তানের হামলা এবং ১৯৭১ সালে তৎকালীন পূর্ব পাকিস্তানে (বর্তমান বাংলাদেশ) পরিচালিত অপারেশন সার্চ লাইটের মাধ্যমে লাখো মানুষকে হত্যা করা হয়েছিল বলেও উল্লেখ করে দেশটি।
জাতিসংঘের তথ্য
জাতিসংঘের আফগানিস্তান সহায়তা মিশন বা ইউএনএএমএ-এর তথ্য অনুযায়ী, এই কাপুরুষোচিত ও বিবেকহীন সহিংসতায় ২৬৯ জন বেসামরিক মানুষ নিহত হন এবং আরও ১২২ জন আহত হন। এমন একটি স্থাপনায় হামলা চালানো হয়েছিল, যেটিকে কোনোভাবেই সামরিক লক্ষ্যবস্তু হিসেবে ব্যাখ্যা করা যায় না বলে জানান পর্বতানেনি। আফগান বেসামরিক নাগরিকদের বিরুদ্ধে সীমান্তপারের সশস্ত্র সহিংসতার কারণে ৯৪ হাজারের বেশি মানুষ বাস্তুচ্যুত হয়েছেন বলেও জানিয়েছে ইউএনএএমএ।
জঘন্য আগ্রাসন
পাকিস্তানের এমন ‘জঘন্য আগ্রাসন’ কোনো বিস্ময়ের বিষয় নয়। কারণ, এটি এমন একটি দেশ, যে দেশ নিজের জনগণের ওপরই বোমা বর্ষণ করে এবং পদ্ধতিগত গণহত্যা চালায় বলে উল্লেখ করে ভারতের রাষ্ট্রদূত। ১৯৭১ সালে অপারেশন সার্চলাইট চলাকালে পাকিস্তান তাদের সেনাবাহিনীর মাধ্যমে লাখো নারী নাগরিকের ওপর পরিকল্পিত গণধর্ষণের অভিযানে অনুমোদন দিয়েছিল উল্লেখ করে তিনি বলেন, অপারেশন সার্চলাইট ছিল ১৯৭১ সালের মার্চে তৎকালীন পূর্ব পাকিস্তানে, বর্তমান বাংলাদেশের স্বাধীনতাকামী আন্দোলনের বিরুদ্ধে পাকিস্তানি সেনাবাহিনীর পরিচালিত অভিযানের সাংকেতিক নাম।



