তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেপ এরদোগান ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে ‘অত্যাচারী শাসক’ হিসেবে আখ্যায়িত করে বলেছেন, বিশ্বের মুসলমানরা একদিন ঐক্যবদ্ধ হয়ে তাকে উপযুক্ত শিক্ষা দেবে। বুধবার ইস্তাম্বুলের চামলিজা মসজিদে ঈদুল আজহার শুভেচ্ছা বিনিময়কালে তিনি এ মন্তব্য করেন।
গাজাবাসীর প্রতি সংহতি
এরদোগান তার বিশেষ বার্তায় বলেন, ‘আমাদের আধ্যাত্মিক ভূখণ্ডের বিভিন্ন প্রান্তে, বিশেষ করে গাজায় যেসব ভাই-বোনেরা দুঃখ, কষ্ট ও গভীর বেদনার মধ্য দিয়ে এই ঈদকে স্বাগত জানাচ্ছেন, আমি আমার ও আমার দেশের পক্ষ থেকে তাদের প্রতি গভীর সংহতি প্রকাশ করছি এবং তাদের প্রত্যেককে ঈদুল আজহার শুভেচ্ছা জানাচ্ছি।’ তিনি আরও বলেন, ধর্মীয় উৎসবগুলো মূলত সামাজিক বন্ধন, পারস্পরিক ভালোবাসা, শ্রদ্ধা ও সংহতি শক্তিশালী করার দিন। তবে এবার গাজা উপত্যকার চলমান পরিস্থিতি তুরস্কসহ পুরো বিশ্বের মুসলমানদের ঈদ উদ্যাপনে বিষাদের ছায়া ফেলেছে।
নেতানিয়াহুর সমালোচনা
তুর্কি প্রেসিডেন্ট বলেন, ‘আমি বিশ্বাস করি, নেতানিয়াহু নামের এই অত্যাচারী শাসক একদিন বিশ্বের মুসলিমদের হাতেই তার উপযুক্ত শিক্ষা লাভ করবেন।’ উল্লেখ্য, গাজায় ইসরাইলের সামরিক অভিযানের শুরু থেকেই অন্যতম কড়া সমালোচক তুরস্ক। এরদোগান বারবার যুদ্ধবিরতি, মানবিক সহায়তার পরিধি বাড়ানো এবং ইসরাইলের ওপর আন্তর্জাতিক চাপ সৃষ্টির আহ্বান জানিয়ে আসছেন।
ইরানের প্রেসিডেন্টের সঙ্গে আলোচনা
এদিকে তুরস্কের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা আনাদোলুর প্রতিবেদন থেকে জানা যায়, মঙ্গলবার তুরস্কের প্রেসিডেন্ট ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের সঙ্গে টেলিফোনে কথা বলেন। ফোনালাপে তারা তুরস্ক-ইরান দ্বিপক্ষীয় সম্পর্কের পাশাপাশি আঞ্চলিক ও বৈশ্বিক বিভিন্ন উন্নয়ন নিয়ে আলোচনা করেন।



