শুভেন্দু অধিকারীর সহযোগী হত্যা: তদন্তভার নিল সিবিআই
শুভেন্দু অধিকারীর সহযোগী হত্যা: তদন্তে সিবিআই

পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর ঘনিষ্ঠ সহযোগী চন্দ্রনাথ রথ হত্যাকাণ্ডের তদন্তভার গ্রহণ করেছে সিবিআই। বিজেপি নেতাদের ভাষায় এই ‘পরিকল্পিত হত্যাকাণ্ড’ এবং এর সঙ্গে আন্তঃরাজ্য অপরাধী চক্রের যোগসূত্র খতিয়ে দেখতে সাত সদস্যের একটি বিশেষ তদন্তকারী দল গঠন করেছে কেন্দ্রীয় এই সংস্থাটি। ভারতীয় সংবাদমাধ্যম দ্য টেলিগ্রাফ ইন্ডিয়া এ খবর জানিয়েছে।

সিবিআই কর্মকর্তারা জানিয়েছেন, সোমবার রাতে এই মামলার এফআইআর পুনরায় নথিভুক্ত করা হয়েছে। একজন ডিআইজি পদমর্যাদার কর্মকর্তার নেতৃত্বে গঠন করা হয়েছে এই বিশেষ তদন্তকারী দল। এই তদন্তকারী দলটি আজই কলকাতায় পৌঁছাতে পারে বলে ধারণা করা হচ্ছে।

এই হত্যাকাণ্ডের ঘটনায় উত্তরপ্রদেশ ও বিহার থেকে এক শার্প শ্যুটারসহ তিনজনকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃতরা হলেন ময়াঙ্ক রাজ মিশ্র, ভিকি মৌর্য এবং রাজ সিং। হাওড়া জেলার বালির একটি টোল প্লাজায় করা একটি ইউপিআই পেমেন্ট ট্র্যাক করে এই অভিযুক্তদের আটক করে পুলিশ।

Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

অভিযুক্তরা জেরার মুখে বারবার বক্তব্য পরিবর্তন করছে বলে দাবি করেছেন তদন্তকারীরা। আদালত তাদের ২৪ মে পর্যন্ত ১৩ দিনের পুলিশ রিমান্ডে পাঠিয়েছে। তবে এই হত্যাকাণ্ডের মূল মাস্টারমাইন্ড কে, কে এই ‘পরিকল্পিত’ অর্থের যোগান দিয়েছে এবং এর প্রকৃত উদ্দেশ্য কী ছিল সেই রহস্য এখনও উদঘাটিত হয়নি।

উল্লেখ্য, বিধানসভা নির্বাচনে বিজেপির বিপুল জয়ের ঠিক দুই দিন পর, গত ৬ মে রাতে কলকাতা বিমানবন্দর থেকে প্রায় ৭ কিলোমিটার দূরে মধ্যমগ্রামের দোহরিয়া লেনে শুভেন্দু অধিকারীর ঘনিষ্ঠ সহযোগী চন্দ্রনাথ রথকে গুলি করে হত্যা করা হয়।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ