ইরানের কাছে যুদ্ধবিরতি প্রস্তাব, পারমাণবিক ইস্যুতে টানাপোড়েন
ইরানের কাছে যুদ্ধবিরতি প্রস্তাব, পারমাণবিক ইস্যুতে টানাপোড়েন

দুই মাস ধরে চলা যুদ্ধ অবসানে যুক্তরাষ্ট্রের দেওয়া একটি শান্তি প্রস্তাব পর্যালোচনা করছে ইরান। প্রস্তাবটিতে আনুষ্ঠানিকভাবে যুদ্ধ বন্ধের কথা বলা হলেও ইরানের পারমাণবিক কর্মসূচি স্থগিত এবং কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালি পুনরায় উন্মুক্ত করার মতো অমীমাংসিত শর্তগুলো নিয়ে দুই পক্ষের মধ্যে টানাপোড়েন চলছে।

মার্কিন প্রেসিডেন্টের আশাবাদ

বুধবার ওভাল অফিসে সাংবাদিকদের মুখোমুখি হয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেন, 'তারা (ইরান) একটি চুক্তি করতে চায়। গত ২৪ ঘণ্টায় আমাদের মধ্যে অত্যন্ত গঠনমূলক আলোচনা হয়েছে এবং একটি চুক্তিতে পৌঁছানো খুবই সম্ভব।' এর আগে শান্তি আলোচনায় অগ্রগতির কথা উল্লেখ করে হরমুজ প্রণালিতে জাহাজ চলাচলের জন্য শুরু করা 'প্রজেক্ট ফ্রিডম' স্থগিত করেন ট্রাম্প।

১৪ দফার সমঝোতা স্মারকের খসড়া

মার্কিন সংবাদমাধ্যম অ্যাক্সিওসের প্রতিবেদন অনুযায়ী, দুই পক্ষ একটি ১৪ দফার সমঝোতা স্মারকের খুব কাছাকাছি পৌঁছেছে। এই খসড়া প্রস্তাব অনুযায়ী, ইরান অন্তত ১২ বছরের জন্য ইউরেনিয়াম সমৃদ্ধকরণ বন্ধ রাখবে এবং পারমাণবিক অস্ত্র তৈরি না করার প্রতিশ্রুতি দেবে। বিনিময়ে যুক্তরাষ্ট্র ইরানের ওপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহার করবে এবং জব্দ করা কোটি কোটি ডলার অর্থ অবমুক্ত করবে। চুক্তি স্বাক্ষরের ৩০ দিনের মধ্যে হরমুজ প্রণালী সবার জন্য উন্মুক্ত করে দেওয়া হবে।

Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, ট্রাম্পের বিশেষ দূত স্টিভ উইটকফ এবং জামাতা জ্যারেড কুশনার এই আলোচনার নেতৃত্ব দিচ্ছেন। তবে ইরানের বিদ্যমান ৪০০ কেজির বেশি সমৃদ্ধ ইউরেনিয়াম মজুত এবং তাদের ক্ষেপণাস্ত্র কর্মসূচি নিয়ে এই প্রস্তাবে কী বলা হয়েছে, তা এখনও স্পষ্ট নয়।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ

ইরানের কঠোর অবস্থান

যুক্তরাষ্ট্র আশাবাদী হলেও তেহরানের কণ্ঠে ভিন্ন সুর। ইরানের শক্তিশালী পররাষ্ট্রনীতি ও জাতীয় নিরাপত্তা কমিটির মুখপাত্র ইব্রাহিম রেজায়ি এই প্রস্তাবকে বাস্তবতার চেয়ে 'আমেরিকার ইচ্ছাতালিকা' হিসেবে বর্ণনা করেছেন। ইরানের পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফ সামাজিক যোগাযোগমাধ্যমে এক পোস্টে এই আলোচনা নিয়ে উপহাস করে লিখেছেন, 'অপারেশন ট্রাস্ট মি ব্রো ব্যর্থ হয়েছে।'

পারমাণবিক ইস্যুতে ইরানের অটল অবস্থান

আল জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, ইরান এই মুহূর্তে কেবল যুদ্ধ বন্ধের বিষয়ে আলোচনা করতে আগ্রহী, পারমাণবিক কর্মসূচি নিয়ে নয়। তেহরানের পক্ষ থেকে সাফ জানিয়ে দেওয়া হয়েছে যে, ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কর্মসূচির বিষয়ে তারা কোনও আপস করবে না। ইরানের দাবির মধ্যে রয়েছে- নিষেধাজ্ঞা প্রত্যাহার, হরমুজ প্রণালি উন্মুক্ত করা এবং জাতিসংঘ নিরাপত্তা পরিষদের সরাসরি গ্যারান্টি পেলেই কেবল দ্বিতীয় পর্যায়ে পারমাণবিক ইস্যু নিয়ে আলোচনা হতে পারে।

পাকিস্তানের মধ্যস্থতা

পাকিস্তান এই আলোচনায় মধ্যস্থতাকারীর ভূমিকা পালন করছে। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, তারা একটি সম্ভাব্য চুক্তির খবরকে স্বাগত জানাচ্ছে, তবে আস্থার খাতিরে এই মুহূর্তে বিস্তারিত কোনও তথ্য প্রকাশ করবে না। তেহরানের প্রতিক্রিয়া আজই পাকিস্তানি মধ্যস্থতাকারীদের কাছে পৌঁছানোর কথা রয়েছে।

তবে, পাকিস্তানি সূত্রের বরাত দিয়ে আল-আরাবিয়া জানিয়েছে, পারস্য উপসাগরে মার্কিন নৌ-অবরোধ শিথিল করার বিনিময়ে ইরান ধাপে ধাপে কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালি পুনরায় উন্মুক্ত করে দেওয়ার বিষয়ে উভয় পক্ষ একটি প্রাথমিক সমঝোতায় পৌঁছেছে।