মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, চলমান যুদ্ধবিরতির পর যুক্তরাষ্ট্র আবার যুদ্ধ শুরু করবে কি না, তা তার জানা নেই। বৃহস্পতিবার (৩০ এপ্রিল) ওভাল অফিসে বসে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন। খবর মিডল ইস্ট আইয়ের।
ইরানের সঙ্গে যুদ্ধের ভবিষ্যৎ
ইরানের সঙ্গে যুদ্ধ কবে শেষ হবে, সে বিষয়ে সুনির্দিষ্ট কোনো তথ্য দিতে না পারলেও ট্রাম্প দাবি করেন, এই সংঘাতের সমাধান হয়ে গেলে তেলের দাম কমে আসবে। ডোনাল্ড ট্রাম্প বলেন, ‘ইরান একটি চুক্তি করতে চায়। কিন্তু আমরা আবার যুদ্ধ শুরু করবো কিনা, তা আমি জানি না।’
ইউরোপে মার্কিন সেনা মোতায়েনে পরিবর্তন
একই সঙ্গে ইউরোপে মার্কিন সেনা মোতায়েন নিয়েও বড় ধরনের পরিবর্তনের আভাস দিয়েছেন ট্রাম্প। জার্মানিতে মার্কিন সেনা সংখ্যা কমানোর ঘোষণার এক দিন পরই তিনি জানান, ইতালি ও স্পেন থেকেও সম্ভবত সেনা সরিয়ে নেওয়া হবে। এ সংক্রান্ত এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘সম্ভবত’ এমনটিই হতে যাচ্ছে।
বিশ্বকাপে ইরানের অংশগ্রহণ
এদিকে চলতি বছর যুক্তরাষ্ট্রে অনুষ্ঠিত হতে যাওয়া ফিফা বিশ্বকাপে ইরানের অংশগ্রহণ নিয়ে ইতিবাচক মনোভাব দেখিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট। তিনি বলেন, ‘বিশ্বকাপে ইরানের অংশগ্রহণের বিষয়ে আমি একমত।’



