মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হোয়াইট হাউস সাংবাদিকদের জন্য ওয়াশিংটনের একটি হোটেলে আয়োজিত নৈশভোজে হামলাকারী কোল থমাস অ্যালেনকে 'বেশ অসুস্থ ব্যক্তি' বলে উল্লেখ করেছেন। হামলার পর মার্কিন সংবাদমাধ্যম সিবিএসের অনুষ্ঠান 'সিক্সটি মিনিটস'-কে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এ মন্তব্য করেন।
ট্রাম্পের বক্তব্য
সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, 'তিনি (হামলাকারী) ছিলেন একজন খ্রিস্টান। তারপর তিনি খ্রিস্টানবিরোধী হয়েছেন এবং তার মধ্যে অনেক পরিবর্তন এসেছে। তিনি সম্ভবত খুব অসুস্থ একজন মানুষ।'
ঘটনার বিবরণ
শনিবার (২৫ এপ্রিল) রাতে ওয়াশিংটনের হিলটন হোটেলে বিভিন্ন সংবাদমাধ্যমের হোয়াইট হাউস সংবাদদাতাদের বার্ষিক নৈশভোজ অনুষ্ঠিত হয়। প্রেসিডেন্ট ট্রাম্প ও ফার্স্ট লেডি মেলানিয়া এতে অংশ নেন। ভাইস প্রেসিডেন্টসহ মন্ত্রিসভার প্রায় সবাই এবং প্রায় ২ হাজার ৬০০ নামীদামি অতিথি উপস্থিত ছিলেন।
হামলার সময়
ট্রাম্প ও মেলানিয়া যখন মঞ্চে ছিলেন, তখনই হঠাৎ বন্দুক হামলার ঘটনা ঘটে। হট্টগোল ও বিশৃঙ্খলার মধ্যে অতিথিরা টেবিলের নিচে লুকিয়ে পড়েন। দ্রুত মঞ্চ থেকে সরিয়ে নেওয়া হয় প্রেসিডেন্ট ও ফার্স্ট লেডিকে। পরে অন্যান্য অতিথিকেও সরানো হয়।
নিরাপত্তা কর্মকর্তার বক্তব্য
ঘটনাস্থলে দায়িত্ব পালনকারী এক নিরাপত্তা কর্মকর্তার বরাতে বিবিসি জানিয়েছে, তিনি সাত থেকে আটটি গুলির শব্দ শুনেছেন। এ ঘটনায় ট্রাম্প, মেলানিয়া, ভাইস প্রেসিডেন্ট, মন্ত্রীসহ সব অতিথি অক্ষত রয়েছেন।
গ্রেফতার ও হামলাকারীর পরিচয়
সন্দেহভাজন বন্দুকধারী কোল অ্যালেন থমাসকে গ্রেফতার করা হয়েছে। থমাস পেশায় একজন শিক্ষক। মার্কিন সংবাদমাধ্যম সিএনএন জানিয়েছে, তিনি ক্যালিফোর্নিয়ার সি-টু প্রতিষ্ঠানে শিক্ষকতা করেছেন। ২০২৪ সালে ওই প্রতিষ্ঠানের সেরা শিক্ষকও নির্বাচিত হয়েছিলেন অ্যালেন। হামলার লক্ষ্য ছিলেন ট্রাম্প নিজেই বলে জানিয়েছেন ভারপ্রাপ্ট অ্যাটর্নি জেনারেল।



