ইরানের সঙ্গে সংশ্লিষ্টতার কারণে যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞায় থাকা দুটি জাহাজ শুক্রবার হরমুজ প্রণালি অতিক্রম করেছে বলে জানিয়েছে বিবিসির ফ্যাক্ট-চেকিং ইউনিট বিবিসি ভেরিফাই। শুক্রবার (২৪ এপ্রিল) প্রকাশিত এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।
জাহাজ দুটির অবস্থান
প্রতিবেদনে বলা হয়েছে, মেরিনট্রাফিকের জাহাজ ট্র্যাকিং তথ্য অনুযায়ী, ‘ইউরি’ নামের একটি অপরিশোধিত তেলবাহী ট্যাঙ্কার রাতে প্রণালিটি অতিক্রম শুরু করে এবং পরে লারাক দ্বীপের পূর্বদিকে গিয়ে থেমে যায়। শুক্রবার দিনজুড়ে জাহাজটি সেখানেই অবস্থান করছে। ট্র্যাকিং সাইটের তথ্য বলছে, জাহাজটি মালামালে পূর্ণ এবং এর আগে এটি ইরানের প্রধান তেল রপ্তানি বন্দর খার্গ দ্বীপের কাছাকাছি অবস্থান নিয়েছিল। জাহাজটির বর্তমান গন্তব্য এখনো জানা যায়নি।
অ্যাভন ট্যাঙ্কারের গতিবিধি
অন্যদিকে, ‘অ্যাভন’ নামের একটি রাসায়নিকবাহী ট্যাঙ্কারও আজ ভোরে প্রণালিটি অতিক্রম করে। এটি চলতি মাসের বেশিরভাগ সময়জুড়ে সংযুক্ত আরব আমিরাতের উপকূলের কাছে অবস্থান করছিল। ট্র্যাকিং তথ্য অনুযায়ী এই জাহাজটিও পণ্যবোঝাই। বর্তমানে জাহাজটি ওমান উপসাগরের দিকে এগোচ্ছে বলে মনে হচ্ছে, যেখানে গত সপ্তাহে যুক্তরাষ্ট্র একটি অবরোধ রেখা কার্যকর করেছে।
মার্কিন অবরোধের প্রভাব
এই অবরোধ চালুর পর থেকে যুক্তরাষ্ট্র একাধিক জাহাজ আটক করেছে। এসব জাহাজ হয় ইরানের বন্দর থেকে যাত্রা করেছিল, নয়তো ইরানের সঙ্গে সম্পর্কের কারণে আগে থেকেই মার্কিন নিষেধাজ্ঞার আওতায় ছিল। বিবিসি জানিয়েছে, এই দুটি জাহাজ যুক্তরাষ্ট্রের অবরোধ রেখার দিকে অগ্রসর হয় কি-না, তা নজরে রাখা হবে।



