ইরানের সঙ্গে কোনও সমঝোতায় পৌঁছানো সম্ভব না হলে দেশটিতে আবারও হামলা শুরু করতে যুক্তরাষ্ট্র প্রস্তুত রয়েছে বলে জানিয়েছেন মার্কিন প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ। ওয়াশিংটন ও তেহরানের আলোচকরা চুক্তি সম্পাদনে প্রধান বাধাগুলো দূর করার চেষ্টা চালিয়ে যাওয়ার মধ্যেই শনিবার তিনি এই হুঁশিয়ারি দেন। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে।
শাংরি-লা ডায়ালগে হেগসেথের বক্তব্য
সিঙ্গাপুরে আয়োজিত এশিয়ার শীর্ষ প্রতিরক্ষা ও কূটনৈতিক ফোরাম শাংরি-লা ডায়ালগে হেগসেথ বলেন, প্রয়োজনে আবারও অভিযান শুরু করার সক্ষমতা যুক্তরাষ্ট্রের রয়েছে। তিনি বলেন, 'আমরা তার জন্য পুরোপুরি প্রস্তুত।'
তিনি আরও বলেন, 'আমাদের অস্ত্র ও সামরিক সরঞ্জামাদির মজুদ এর জন্য পুরোপুরি উপযুক্ত, তা সেই অঞ্চলেই হোক কিংবা বিশ্বজুড়ে। ফলে আমরা বেশ সুবিধাজনক অবস্থানে আছি।'
এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে উপস্থিতি
প্রতিরক্ষা নেতা, সামরিক কর্মকর্তা ও কূটনীতিকদের এই শীর্ষ ফোরামে বক্তব্য দেওয়ার সময় মার্কিন প্রতিরক্ষামন্ত্রী উল্লেখ করেন, ইরানের সঙ্গে সংঘাতে জড়িত থাকলেও যুক্তরাষ্ট্র এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চল থেকে মুখ ফিরিয়ে নেয়নি।
ট্রাম্পের অবস্থান
পেন্টাগন প্রধান জানান, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ধৈর্যশীল অবস্থান নিয়েছেন এবং তিনি এমন একটি 'চমৎকার চুক্তি' করতে চান যা নিশ্চিত করবে যেন ইরান কোনও পারমাণবিক অস্ত্র তৈরি করতে না পারে।
এর আগে শুক্রবার ট্রাম্প জানিয়েছিলেন, ইরান যুদ্ধ অবসানের একটি প্রস্তাবের বিষয়ে 'চূড়ান্ত সিদ্ধান্ত' নিতে তিনি হোয়াইট হাউজের নিরাপদ কক্ষে বৈঠকে বসবেন। ওই প্রস্তাব অনুযায়ী, এপ্রিলের শুরুর দিকে কার্যকর হওয়া যুদ্ধবিরতির মেয়াদ আরও ৬০ দিন বাড়ানো হবে, যা স্থায়ীভাবে যুদ্ধ বন্ধের একটি পথ তৈরিতে উভয় পক্ষের আলোচকদের পর্যাপ্ত সময় দেবে।



