যৌতুকের দাবিতে গৃহবধূকে ছাদ থেকে ফেলে হত্যা, স্বামী-শ্বশুর গ্রেফতার
যৌতুকের দাবিতে গৃহবধূকে হত্যা, স্বামী-শ্বশুর গ্রেফতার

ভারতের গ্রেটার নয়ডায় যৌতুকের দাবিতে এক গৃহবধূকে ছাদ থেকে ফেলে হত্যার ঘটনা ঘটেছে। নিহতের নাম দীপিকা নগর (২৫)। রোববার (১৭ মে) গভীর রাতে গ্রেটার নয়ডার ইকোটেক-৩ থানা এলাকার জলপুরায় এ ঘটনা ঘটে। দীপিকার পরিবারের অভিযোগ, বিয়ের পর থেকেই যৌতুকের জন্য তার ওপর শারীরিক ও মানসিক নির্যাতন চালানো হচ্ছিল। অতিরিক্ত যৌতুক না পেয়ে শ্বশুরবাড়ির লোকজন তাকে ছাদ থেকে ফেলে হত্যা করে।

বিয়েতে বিপুল অঙ্কের যৌতুক

দীপিকার বাবা সঞ্জয় নগর জানান, ২০২৪ সালের ডিসেম্বরে জাঁকজমকপূর্ণভাবে মেয়ের বিয়ে দেওয়া হয়। বিয়েতে যৌতুক হিসেবে নগদ ১১ লাখ রুপি, ৫০ লাখ রুপির স্বর্ণ, আসবাবপত্র এবং একটি স্করপিও গাড়ি দেওয়া হয়। কিন্তু শ্বশুরবাড়ির লোকজন এতেও সন্তুষ্ট ছিল না। তারা আরও একটি ফরচুনার বিলাসবহুল গাড়ি এবং নগদ ৫১ লাখ রুপি দাবি করে।

সঞ্জয় নগর বলেন, 'ওরা একটি ফরচুনার গাড়ি আর নগদ ৫১ লাখ রুপি চেয়েছিল। বিয়ের মাত্র তিন-চার মাস পর থেকেই মেয়ের ওপর নির্যাতন শুরু হয়।' তিনি আরও জানান, মেয়ের সংসার টিকিয়ে রাখার জন্য তারা পুলিশে কোনো অভিযোগ করেননি। 'সবসময় ভেবেছি সব ঠিক হয়ে যাবে, মানিয়ে নিক। মেয়ের সংসারটা টিকিয়ে রাখার জন্য আমরা আপ্রাণ চেষ্টা করেছিলাম,' বলেন তিনি।

Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

ঘটনার বিবরণ

ঘটনার দিন রোববার দীপিকা কাঁদতে কাঁদতে বাবাকে ফোন করে জানায় যে স্বামী ও শ্বশুরবাড়ির লোকজন তাকে নির্মমভাবে মারধর ও গালিগালাজ করছে। খবর পেয়ে সন্ধ্যায় সঞ্জয় নগর কয়েকজন আত্মীয়কে নিয়ে জামাতার বাড়িতে যান এবং বিষয়টি মীমাংসার চেষ্টা করেন। কিন্তু তারা চলে আসার কিছু সময় পরেই খবর পান, দীপিকা ছাদ থেকে নিচে পড়ে গিয়ে গুরুতর আহত হয়েছে। পরে হাসপাতালে তার মৃত্যু হয়।

সেন্ট্রাল নয়ডার ডেপুটি পুলিশ কমিশনার শৈলেন্দ্র কুমার সিং বলেন, 'গত রাতে আমরা খবর পাই, দেড় বছর আগে বিয়ে হওয়া এক নারী ছাদ থেকে লাফিয়ে পড়ে মারা গেছেন। তথ্য পাওয়ার পরপরই পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়। আইনি প্রক্রিয়া শেষে লাশের ময়নাতদন্তের ব্যবস্থা করা হয়েছে।'

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ

গ্রেফতার ও মামলা

নিহতের পরিবারের লিখিত অভিযোগের ভিত্তিতে পুলিশ নারী নির্যাতন ও হত্যা মামলা দায়ের করে। এ ঘটনায় দীপিকার স্বামী ঋত্বিক তানওয়ার এবং শ্বশুর মনোজকে গ্রেফতার করা হয়েছে। পুলিশ জানিয়েছে, ময়নাতদন্তের রিপোর্টের অপেক্ষা করা হচ্ছে।