মালয়েশিয়ায় মদ্যপ সেনা কর্মকর্তার গাড়ি দুর্ঘটনায় বাংলাদেশি নিহত
মালয়েশিয়ায় মদ্যপ সেনা কর্মকর্তার গাড়ি দুর্ঘটনায় বাংলাদেশি নিহত

মালয়েশিয়ায় এক সেনা কর্মকর্তা মদ্যপ অবস্থায় গাড়ি চালিয়ে ভয়াবহ দুর্ঘটনা ঘটিয়েছেন। মদ্যপান করে গাড়ি চালানোর সময় ভুলপথে ঢুকে পড়েন ওই কর্মকর্তা। তখন বিপরীত দিক থেকে আসা একটি গাড়ির সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে একজন বাংলাদেশি যুবক নিহত হয়েছেন। বৃহস্পতিবার (২৩ এপ্রিল) ফ্রি মালয়েশিয়ার টুডের এক প্রতিবেদন থেকে এ তথ্য জানা যায়।

ভোরে কুয়ালালামপুরের এমইএক্স হাইওয়েতে সালাক সেলাতানের দিক থেকে জালান তুন রাজাকগামী পথে এই দুর্ঘটনা ঘটে। কুয়ালালামপুর ট্রাফিক তদন্ত ও আইন প্রয়োগকারী বিভাগের প্রধান এসিপি মোহাম্মদ জামজুরি মোহাম্মদ ঈসা জানান, ভোর ৫টা ৩৮ মিনিটে তারা দুর্ঘটনার খবর পান। প্রাথমিক তদন্তে জানা গেছে, ৩১ বছর বয়সী ওই সেনা কর্মকর্তা তার ফোর্ড ফিয়েস্তা গাড়িটি নিয়ে ভুল পথে ঢুকে পড়েন এবং বিপরীত দিক থেকে আসা একটি পেরোদুয়া আলজা এমপিভিকে (ই-হেইলিং) মুখোমুখি ধাক্কা দেন।

ঘটনার সময় ই-হেইলিং গাড়িটিতে দুই বাংলাদেশি যাত্রী ছিলেন, যারা কুয়ালালামপুর আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ফিরছিলেন। সংঘর্ষের তীব্রতায় গাড়ির মাঝের সারিতে বসা ২২ বছর বয়সি এক বাংলাদেশি যুবক ঘটনাস্থলেই প্রাণ হারান। পুলিশ কর্মকর্তা আরও জানান, ফোর্ড ফিয়েস্তা চালক সেনা কর্মকর্তা ও তার গাড়িতে থাকা ৩৬ বছর বয়সী এক স্থানীয় নারী যাত্রীও আহত হয়েছেন। সেনা কর্মকর্তার অ্যালকোহল টেস্টে মাত্রাতিরিক্ত মদ্যপানের প্রমাণ পাওয়া গেছে। তার বিরুদ্ধে সড়ক পরিবহন আইন ১৯৮৭-এর ৪৪ (১) ধারায় মামলা দায়ের করে গ্রেপ্তার করা হয়েছে এবং দুর্ঘটনার প্রত্যক্ষদর্শীদের পুলিশি তদন্তে সহায়তার আহ্বান জানানো হয়েছে।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ
Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ