চাঁদপুরের ফরিদগঞ্জে দালাল চক্রের খপ্পরে পড়ে রাশিয়া-ইউক্রেন যুদ্ধে বাধ্য হয়ে যুদ্ধ করা এক যুবককে ফিরিয়ে আনতে মানববন্ধন করেছেন এলাকাবাসী। শুক্রবার (৫ জুন) বিকালে উপজেলার রূপসা দক্ষিণ ইউনিয়নের পশ্চিম কাউনিয়া এলাকায় এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।
দালাল চক্রের শিকার মাইন উদ্দিন
জানা গেছে, রূপসা দক্ষিণ ইউনিয়নের পশ্চিম কাউনিয়া গ্রামের মসজিদ বাড়ির আব্দুর রহিমের ছেলে মাইন উদ্দিন জীবিকার টানে প্রায় দেড় মাস আগে ৩০ জনের একটি দলের সঙ্গে রাশিয়া যান। সেখানে তার একটি কনস্ট্রাকশন ফার্মের কাজ করার কথা ছিল। কিন্তু এই দলকে রাশিয়া নেওয়া দালালচক্র তাদের রাশিয়া সেনাবাহিনীর হাতে তুলে দেয়।
যুদ্ধক্ষেত্রে বন্দি জীবন
রাশিয়ার সেনাবাহিনী মাইন উদ্দিনসহ ওই বাংলাদেশিদের এক সপ্তাহের ট্রেনিং দিয়ে রাশিয়া-ইউক্রেন সীমান্তবর্তী যুদ্ধ এলাকায় পাঠিয়ে দেয়। সেখান থেকে ১৪-১৫ দিন পূর্বে ফোনে যোগাযোগ করে তাদের দুর্দশার কথা জানান মাইন উদ্দিন। তিনি জানান, তারা খাওয়া ও থাকা নিয়ে নিদারুণ কষ্টে রয়েছে। তাদের মাথার উপর দিয়ে মিসাইল উড়ে যাওয়ার দৃশ্য দেখতে হচ্ছে। তিনি এখন বাংলাদেশে ফিরতে চান।
পিতার মৃত্যু ও দাবি
মানববন্ধনে এলাকাবাসীর পক্ষে বক্তব্য রাখতে গিয়ে সোহেল খান জানান, ছেলের এই করুণ অবস্থার কথা শুনে কয়েকদিন পূর্বে মাইন উদ্দিনের পিতা আব্দুর রহিম হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেছেন। অবিলম্বে সরকার মাইন উদ্দিনসহ রাশিয়া সেনাবাহিনীর কাছে বিক্রি করে দেওয়া বাংলাদেশিদের উদ্ধার এবং দালাল চক্রের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানান তারা।



