ইরান যুদ্ধের তীব্র সমালোচনা নিউইয়র্ক মেয়রের
ইরান যুদ্ধের তীব্র সমালোচনা নিউইয়র্ক মেয়রের

ইরানের বিরুদ্ধে চলমান যুদ্ধের কড়া সমালোচনা করেছেন নিউইয়র্ক সিটির মেয়র জোহরান মামদানি। তিনি বলেছেন, এই যুদ্ধ বিদেশে থাকা বেসামরিক মানুষের পাশাপাশি যুক্তরাষ্ট্রের শ্রমজীবী পরিবারগুলোর ওপরও নেতিবাচক প্রভাব ফেলছে। অবিলম্বে যুদ্ধ বন্ধের দাবি জানিয়েছেন তিনি।

সামাজিক মাধ্যমে অবস্থান

শুক্রবার (২৯ মে) সামাজিক যোগাযোগমাধ্যম এক্স (সাবেক টুইটার)-এ দেওয়া এক পোস্টে মামদানি বলেন, ‘আজ থেকে তিন মাস আগে এমন একটি যুদ্ধ শুরু হয়েছিল, যার জন্য কেউ ভোট দেয়নি এবং এর মূল্য দিতে হয়েছে এমন মানুষদের যাদের এ বিষয়ে কোনো মতামত দেওয়ার সুযোগই ছিল না।’

হতাহতের চিত্র

পোস্টে আরও বলেন, ‘হাজার হাজার বেসামরিক নাগরিক এ যুদ্ধে প্রাণ হারিয়েছেন। এবং যে ১৩ জন মার্কিন সেনা সদস্য এ যুদ্ধে নিহত হয়েছেন, তারা আর কখনো তাদের পরিবারের কাছে ফিরতে পারবেন না।’ কংগ্রেসের অনুমোদন ছাড়াই এই যুদ্ধ শুরু হয়েছে উল্লেখ করে মামদানি বলেন, ‘যুক্তরাষ্ট্রজুড়ে এবং আমাদের শহরের আমেরিকানরা এ যুদ্ধের কারণে পেট্রোল পাম্প ও মুদি দোকানের পণ্যসামগ্রীর দাম বাড়তে দেখেছেন। কংগ্রেসের একটিও ভোট ছাড়াই শুরু হওয়া এ যুদ্ধের কারণে তাদের বাজেটও চাপের মধ্যে পড়েছে।’

Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

অর্থনৈতিক প্রভাব

নিউইয়র্ক সিটির এই মেয়র আরও বলেন, ‘বিদেশে ঝরে যাওয়া প্রতিটি প্রাণ এবং দেশের শ্রমজীবী মানুষের পকেট থেকে বেরিয়ে যাওয়া প্রতিটি ডলার এই রেপরোয়া সিদ্ধান্তের ফল। যাদের এই ধাক্কা সামলানোর সার্মথ্য সবচেয়ে কম তাদের ঘাড়েই এই বোঝা চাপানো হয়েছে। আর যারা এই সিদ্ধান্ত নিয়েছে তারা কখনো এর মূল্য চোকাবে না।’

যুদ্ধের বিরুদ্ধে ধারাবাহিক অবস্থান

সর্বশেষে পোস্টে তিনি উল্লেখ করেন, ‘আমি প্রথম দিন থেকেই এ যুদ্ধের বিরোধিতা করেছি। এখনও এর বিরোধিতা করি। এটার অবসান ঘটাতেই হবে।’

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ