যুক্তরাষ্ট্রের রাজধানী ওয়াশিংটনে প্রেসিডেন্টের সরকারি আবাস ও কার্যালয় হোয়াইট হাউসের সামনে গুলির ঘটনা ঘটেছে। এক সন্দেহভাজন বন্দুকধারী গুলি চালালে প্রেসিডেন্টের নিরাপত্তার দায়িত্বে থাকা সিক্রেট সার্ভিসের সদস্যরা পাল্টা গুলি চালান। এতে বন্দুকধারী নিহত হন। গোলাগুলির মধ্যে পড়ে এক পথচারী আহত হন।
ঘটনার বিবরণ
স্থানীয় সময় শনিবার সন্ধ্যা ছয়টার পরপর এ ঘটনা ঘটে। সিক্রেট সার্ভিসের বিবৃতিতে বলা হয়েছে, হোয়াইট হাউসসংলগ্ন সেভেনটিন্থ স্ট্রিট ও পেনসিলভানিয়া অ্যাভিনিউ এলাকায় সন্দেহভাজন এক ব্যক্তি ব্যাগ থেকে অস্ত্র বের করে গুলি চালাতে শুরু করেন। সিক্রেট সার্ভিসের সদস্যরা পাল্টা গুলি ছোড়েন। বন্দুকধারী গুলিবিদ্ধ হন এবং তাকে স্থানীয় হাসপাতালে নেওয়া হলে পরে মারা যান।
এ সময় এক পথচারীও গুলিবিদ্ধ হন। তার সর্বশেষ অবস্থা এবং পরিচয় আনুষ্ঠানিকভাবে জানা যায়নি। সিএনএন জানিয়েছে, তার শারীরিক অবস্থা গুরুতর।
প্রেসিডেন্টের নিরাপত্তা
সিক্রেট সার্ভেস জানিয়েছে, ঘটনার সময় প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হোয়াইট হাউসের ভেতরেই ছিলেন। তার নিরাপত্তা বা কার্যক্রমে কোনো ব্যত্যয় ঘটেনি। ট্রাম্পের রিপাবলিকান দলের কয়েকজন আইনপ্রণেতা সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করে জানান, প্রেসিডেন্ট অক্ষত ও নিরাপদে আছেন।
লকডাউন ও নিরাপত্তা জোরদার
ঘটনার জেরে হোয়াইট হাউসে সাময়িকভাবে লকডাউন জারি করা হয়। কাউকে ঢুকতে বা বের হতে দেওয়া হয়নি। পরে লকডাউন তুলে নেওয়া হয় এবং আশপাশের নিরাপত্তা আরও জোরদার করা হয়। অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
গুলির সময় হোয়াইট হাউসের লনে অবস্থান করা সাংবাদিকদের দ্রুত প্রেস ব্রিফিং কক্ষে সরিয়ে নেওয়া হয়। এবিসি নিউজের প্রধান হোয়াইট হাউস সংবাদদাতা সেলিনা ওয়াং সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে একটি ভিডিও পোস্ট করেন, যাতে গুলি চলার মুহূর্ত দেখা যায়। তিনি লেখেন, ‘আমি নর্থ লনে দাঁড়িয়ে আইফোনে ভিডিও করছিলাম। ঠিক তখনই গুলির শব্দ শুনি। মনে হচ্ছিল একসঙ্গে অনেক গুলি ছোড়া হচ্ছে। নিরাপত্তাকর্মীরা আমাদের দৌড়ে প্রেস ব্রিফিং রুমে যেতে বলেন।’
তদন্ত ও পূর্ববর্তী ঘটনা
সন্দেহভাজন বন্দুকধারীর নাম-পরিচয় এখনো প্রকাশ করেনি সিক্রেট সার্ভিস। তারা জানিয়েছে, ঘটনা তদন্তাধীন। এ ঘটনার আগে ৪ মে হোয়াইট হাউসের কাছে সশস্ত্র সন্দেহভাজনের সঙ্গে সিক্রেট সার্ভিসের গোলাগুলি হয়, যাতে বন্দুকধারী আহত ও আটক হন। এরও আগে ২৬ এপ্রিল ওয়াশিংটনের একটি অভিজাত হোটেলে হোয়াইট হাউসের সাংবাদিকদের নৈশভোজের সময় গুলির ঘটনা ঘটে, যেখানে প্রেসিডেন্ট ট্রাম্প ও ফার্স্ট লেডি উপস্থিত ছিলেন। ওই ঘটনায় প্রধান সন্দেহভাজন কোল টমাস অ্যালেন ট্রাম্পকে হত্যাচেষ্টাসহ অন্যান্য অভিযোগে নিজেকে নির্দোষ দাবি করেছেন।



