বিশ্বের বৃহত্তম বিমানবাহী রণতরী ইউএসএস জেরাল্ড আর ফোর্ড দীর্ঘ এক বছরের মিশন শেষে দেশে ফিরছে। ইরান যুদ্ধ এবং ভেনেজুয়েলার নেতা নিকোলাস মাদুরোকে গ্রেফতারের মতো গুরুত্বপূর্ণ সামরিক মিশনে অংশ নেওয়ার পর রণতরীটি এখন যুক্তরাষ্ট্রের বন্দরে ভিড়েছে। শনিবার (১৭ মে) ভার্জিনিয়ার বন্দরে ফিরে এসেছে রণতরীটি। খবর সিএনএনের।
মিশনের বিবরণ
প্রতিবেদনে মার্কিন গণমাধ্যমটি জানিয়েছে, দীর্ঘ এক বছর সমুদ্রে কাটানো ইউএসএস জেরাল্ড আর ফোর্ড ভেনেজুয়েলার সাবেক প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে আটক অভিযানে অংশ নেয়। এমনকি, ইরান যুদ্ধের সময় দায়িত্ব পালন করে। এ সময়ে রণতরীটি অগ্নিকাণ্ড ও বারবার প্লাম্বিং সমস্যার মুখোমুখি হয়।
দীর্ঘতম মিশনের রেকর্ড
গত বছরের জুনে নেভাল স্টেশন নরফোক ত্যাগ করে ইউএসএস জেরাল্ড আর ফোর্ড। এক বছর ধরে সামরিক মিশনে থাকা এই বিমানবাহী রণতরী যুক্তরাষ্ট্রের ভিয়েতনাম যুদ্ধ-পরবর্তী দীর্ঘতম রণতরী মিশনের রেকর্ড গড়েছে। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বৈদেশিক সামরিক লক্ষ্য বাস্তবায়নের ক্ষেত্রেও এই রণতরীটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
নাবিকদের পরিবারের প্রতিক্রিয়া
নাবিকদের পরিবারের জন্য এই ফিরে আসা ছিল দীর্ঘ প্রতীক্ষার অবসান। কারণ, তাদের স্বজনরা গত এক বছরে নিয়মিত এমন সব সামরিক অভিযানে অংশ নিয়েছেন যা বারবার খবরের শিরোনাম হয়েছে এবং পরিবারের সদস্যদের উৎকণ্ঠায় রেখেছে। নরফোকে রণতরীটিকে স্বাগত জানাতে জড়ো হন জাহাজের থাকাদের স্বজনরা। জাহাজটি ঘাটে ভিড়লে উচ্ছ্বাস প্রকাশ করেন তারা। জাহাজে থাকা নাবিকরাও উপস্থিত জনতার দিকে হাত নাড়েন।
প্রতিরক্ষামন্ত্রীর বক্তব্য
নাবিকদের স্বাগত জানাতে পরিবারগুলোর সঙ্গে ছিলেন মার্কিন প্রতিরক্ষামন্ত্রী পেটে হেগেসেথ। তিনি বলেন, “ফোর্ড ক্যারিয়ার স্ট্রাইক গ্রুপ এবং এসব ডেস্ট্রয়ার যা করেছে, তা ছিল অসাধারণ ও অভূতপূর্ব।”
মোতায়েনের পথ
মোতায়েনের শুরুতে ইউএসএস ফোর্ড ভূমধ্যসাগরে যায়। পরে ক্যারিবীয় অঞ্চলে পাঠানো হয় এবং ভেনেজুয়েলায় অভিযানে অংশ নেয়। এরপর ইরানকে ঘিরে উত্তেজনা বাড়লে আবার মধ্যপ্রাচ্যের দিকে অগ্রসর হয়। ইরান যুদ্ধের শুরুর দিকে ভূমধ্যসাগর থেকে অভিযানে অংশ নেওয়ার পর সুয়েজ খাল অতিক্রম করে মার্চের শুরুতে লোহিত সাগরে প্রবেশ করে জাহাজটি। তবে, একটি লন্ড্রি কক্ষে আগুন লাগার ঘটনায় সেটিকে পুনরায় ভূমধ্যসাগরে ফিরে গিয়ে মেরামত করতে হয়। গত মাসের শেষের দিকে ইউএসএস জর্জ এইচ.ডব্লিউ. বুশ ভূমধ্যসাগরে পৌঁছানোর পর মধ্যপ্রাচ্যে একসঙ্গে তিনটি মার্কিন বিমানবাহী রণতরী মোতায়েন ছিল, যা ২০০৩ সালের পর প্রথম। ইউএসএস আব্রাহাম লিংকনও জানুয়ারি থেকে সেখানে অবস্থান করছিল।



