বিশ্বের রাজনৈতিক আকাশে প্রতিদিনই নতুন মেঘ জমছে, নতুন ঝড় উঠছে। বৈশ্বিক নীতি-নির্ধারণের নীরব সিদ্ধান্ত থেকে শুরু করে ভূ-রাজনীতির জটিল খেলা, কূটনীতির অদৃশ্য সুতো, সংঘাতের আগুন এবং প্রতিরক্ষা খাতের নীরব প্রস্তুতি— সবকিছু মিলিয়ে যেন এক অবিরাম পরিবর্তন চলছে। এই পরিবর্তনের প্রতিটি দৃশ্য আজকের বিশ্বব্যবস্থাকে নতুন করে গড়ে তুলছে, ভবিষ্যতের দিকনির্দেশনা দিচ্ছে। ১৬ মে (শনিবার) বাংলা ট্রিবিউনে প্রকাশিত আন্তর্জাতিক প্রতিবেদনগুলোর কয়েকটি পাঠকদের মধ্যে উল্লেখযোগ্য সাড়া ফেলেছে।
আইএসের দ্বিতীয় শীর্ষ নেতা আল-মিনুকি নিহত, দাবি ট্রাম্পের
যুক্তরাষ্ট্র ও নাইজেরিয়ার সামরিক বাহিনীর যৌথ অভিযানে আন্তর্জাতিক জঙ্গি সংগঠন ইসলামিক স্টেটের (আইএস) দ্বিতীয় শীর্ষ নেতা আবু-বিলাল আল-মিনুকি নিহত হয়েছেন বলে দাবি করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। শুক্রবার সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে তিনি এ তথ্য জানান। ট্রাম্প বলেন, সাহসী মার্কিন বাহিনী এবং নাইজেরিয়ার সশস্ত্র বাহিনী অত্যন্ত নিখুঁত ও জটিল একটি অভিযান সফলভাবে সম্পন্ন করেছে। এর মাধ্যমে বিশ্বের অন্যতম সক্রিয় একজন সন্ত্রাসীকে যুদ্ধক্ষেত্র থেকে নির্মূল করা সম্ভব হয়েছে।
ট্রাম্পের সফরের পরপরই যে কারণে চীন যাচ্ছেন পুতিন
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বেইজিং সফরের পরপরই চীন সফরে যাচ্ছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। শনিবার (১৬ মে) ক্রেমলিন জানিয়েছে, আগামী ১৯ মে দুই দিনের সফরে চীন যাবেন তিনি।
আগামী সপ্তাহেই ইরানে ফের হামলার প্রস্তুতি ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের
গত মাসে কার্যকর হওয়া যুদ্ধবিরতির পর ইরানে আবারও নতুন করে বড় ধরনের হামলা চালানোর জন্য সবচেয়ে জোরালো প্রস্তুতি নিচ্ছে ইসরায়েল ও যুক্তরাষ্ট্র। আগামী সপ্তাহের শুরুর দিকেই এই হামলা শুরু হতে পারে বলে মধ্যপ্রাচ্যের দুই কর্মকর্তার বরাত দিয়ে এক প্রতিবেদনে জানিয়েছে মার্কিন সংবাদমাধ্যম দ্য নিউ ইয়র্ক টাইমস। মার্কিন কর্মকর্তাদের মতে, সামরিক অভিযানের অন্যতম একটি বিকল্প পরিকল্পনা হলো ভূগর্ভস্থ বা ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে থাকা পারমাণবিক উপাদানগুলো বের করে আনতে সরাসরি ইরানি ভূখণ্ডে কমান্ডো বাহিনী মোতায়েন।
হরমুজ দিয়ে এপ্রিলে ১ কোটি ব্যারেল তেল রফতানি করেছে ইরাক
তেল সরবরাহে অত্যন্ত গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালি দিয়ে এপ্রিল মাসে এক কোটি ব্যারেল তেল রফতানি করেছে ইরাক। শনিবার (১৬ মে) এক সংবাদ সম্মেলনে দেশটির নতুন জ্বালানি মন্ত্রী বাসিম মোহাম্মেদ এই তথ্য জানান। ইরান যুদ্ধ শুরুর আগে হরমুজ দিয়ে গড়ে ৯ কোটি ৩০ লাখ ব্যারেল তেল রফতানি করতো দেশটি।
ট্রেনের সঙ্গে সংঘর্ষের পর বাসে আগুন, নিহত অন্তত ৮
থাইল্যান্ডের রাজধানী ব্যাংককে ট্রেনের সঙ্গে সংঘর্ষের পর একটি যাত্রীবাহী বাসে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। শনিবারের (১৬ মে) এই ঘটনায় অন্তত আটজন নিহত ও ২৫ জন আহত হয়েছে। উদ্ধারকারী কর্তৃপক্ষ ও দেশটির পুলিশের বরাতে এ তথ্য জানিয়েছে ব্রিটিশ সংবাদ সংস্থা রয়টার্স। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানায়, বাস ও আশপাশের যানবাহনে আগুন ছড়িয়ে পড়লে দমকলকর্মী ও উদ্ধারকারী দল ঘটনাস্থলে পাঠানো হয়। দুর্ঘটনায় একটি ট্রেন, বাস, কয়েকটি গাড়ি এবং মোটরসাইকেল ক্ষতিগ্রস্ত হয়।
হরমুজে নতুন নিয়মে ফি নেবে ইরান, সুবিধা পাবে যেসব দেশ
বিশ্বের অন্যতম প্রধান জ্বালানি সরবরাহ সমুদ্রপথ হরমুজ প্রণালি দিয়ে নির্দিষ্ট পথে জাহাজ চলাচল নিয়ন্ত্রণের জন্য একটি বিশেষ মেকানিজম বা পদ্ধতি তৈরি করেছে ইরান, যা খুব শিগগিরই উন্মোচন করা হবে। শনিবার (১৬ মে) ইরানের সংসদের জাতীয় নিরাপত্তা কমিটির প্রধান ইব্রাহিম আজিজি এই ঘোষণা দিয়েছেন।



