সিলেটের গোয়াইনঘাটে গভীর রাতে নাতনিকে অপহরণ থেকে বাঁচাতে গিয়ে দুর্বৃত্তদের হামলায় দিলারা বেগম (৫৪) নামে এক বৃদ্ধা নিহত হয়েছেন। শুক্রবার রাতে রুস্তমপুর ইউনিয়নের বীর মঙ্গল হাওড়ের মাটিকাঁপা এলাকায় এ ঘটনা ঘটে।
ঘটনার বিবরণ
জানা যায়, গভীর রাতে অজ্ঞাত তিন যুবক দরজা ভেঙে ঘরের ভেতরে প্রবেশ করে। তারা নাতনি হাবিবা আক্তারকে মুখ চেপে ধরে ঘর থেকে বাইরে নিয়ে যাওয়ার চেষ্টা করে। মেয়ের চিৎকার শুনে তার মা এগিয়ে এলে দুর্বৃত্তরা তার হাতে কামড় দেয়। পরে তারা হাবিবাকে ছুরি দিয়ে আঘাত করে রক্তাক্ত জখম করে।
চিৎকার শুনে পাশের কক্ষ থেকে দাদি দিলারা বেগম বের হয়ে দরজার সামনে এলে দুর্বৃত্তরা তার বুকে ছুরি দিয়ে আঘাত করে। এতে তিনি ঘটনাস্থলেই মারা যান।
পুলিশের অভিযান
পুলিশের ধারণা, পূর্বশত্রুতার জেরে দুর্বৃত্তরা ঘরে প্রবেশ করে এবং কিশোরীকে অপহরণ বা ধর্ষণের উদ্দেশ্যে এ হামলা চালাতে পারে। ওসি মোহাম্মদ মনিরুজ্জামান বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত ও গ্রেফতারে অভিযান চালানো হচ্ছে।



