ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের খরচ ২ হাজার ৯০০ কোটি ডলার ছাড়িয়েছে
ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের খরচ ২ হাজার ৯০০ কোটি ডলার

ইরান যুদ্ধ চালাতে গিয়ে যুক্তরাষ্ট্রের এখন পর্যন্ত ২ হাজার ৯০০ কোটি ডলার খরচ হয়েছে। গতকাল মঙ্গলবার মার্কিন প্রতিরক্ষা সদর দপ্তর পেন্টাগনের এক জ্যেষ্ঠ কর্মকর্তা এ তথ্য দিয়েছেন। গত এপ্রিলের শেষ দিকে দেওয়া হিসাবের তুলনায় এই খরচের পরিমাণ ৪০০ কোটি ডলার বেশি।

মধ্যবর্তী নির্বাচনের প্রভাব

আর মাত্র ছয় মাস পরই যুক্তরাষ্ট্রে মধ্যবর্তী নির্বাচন অনুষ্ঠিত হবে। সেই নির্বাচনে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের রিপাবলিকান পার্টির জন্য প্রতিনিধি পরিষদে সংখ্যাগরিষ্ঠতা ধরে রাখা কঠিন হতে পারে। জনমত জরিপে ডেমোক্র্যাটরা এগিয়ে আছেন। তাঁরা যুদ্ধের খরচকে সাধারণ মানুষের জীবনযাত্রার ব্যয় বৃদ্ধির কারণ হিসেবে দেখানোর চেষ্টা করছেন।

পূর্ববর্তী হিসাব ও হালনাগাদ

এর আগে গত ২৯ এপ্রিল পেন্টাগন বলেছিল, ওই সময় পর্যন্ত যুদ্ধে যুক্তরাষ্ট্রের ২ হাজার ৫০০ কোটি ডলার খরচ হয়েছিল। কম্পট্রোলারের দায়িত্ব পালন করা জুলস হার্স্ট গতকাল আইনপ্রণেতাদের বলেন, নতুন হিসাবের মধ্যে সামরিক সরঞ্জাম মেরামত ও পরিবর্তনজনিত খরচের হালনাগাদ তথ্য ও যুদ্ধ পরিচালনার ব্যয়ও যুক্ত করা হয়েছে।

Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

হার্স্ট বলেন, জয়েন্ট স্টাফ দল ও কম্পট্রোলার দল নিয়মিত এই খরচের হিসাব পর্যালোচনা করছে। তিনি প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ ও জয়েন্ট চিফস অব স্টাফের চেয়ারম্যান জেনারেল ড্যান কেইনের সঙ্গে উপস্থিত ছিলেন। তবে পেন্টাগন কীভাবে ২ হাজার ৯০০ কোটি ডলারের এই হিসাব করেছে, তা স্পষ্ট নয়।

গত মার্চে একটি সূত্র রয়টার্সকে বলেছিল, ট্রাম্প প্রশাসনের হিসাব অনুযায়ী, যুদ্ধের প্রথম ছয় দিনেই অন্তত ১ হাজার ১৩০ কোটি ডলার খরচ হয়েছিল।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ