দেশের বিভিন্ন জেলায় মঙ্গলবার (২৬ মে) বিকাল ৪টার মধ্যে কালবৈশাখী ঝড়, বজ্রপাত ও বজ্রসহ বৃষ্টির সম্ভাবনার কথা জানিয়েছে আবহাওয়া অধিদফতর। ঝড়-বৃষ্টির সময় ঘরের বাইরে না যাওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।
সতর্কবার্তায় যা বলা হয়েছে
আবহাওয়া অধিদফতরের সতর্কবার্তায় বলা হয়, ঢাকা, মানিকগঞ্জ, গাজীপুর, ময়মনসিংহ, নেত্রকোনা, সুনামগঞ্জ, কিশোরগঞ্জ, নরসিংদী, নারায়ণগঞ্জ, মুন্সীগঞ্জ, রাজবাড়ী, যশোর, সাতক্ষীরা, ফরিদপুর ও টাঙ্গাইল জেলার কিছু স্থানে দুপুর ২টার মধ্যে ঝড়ো হাওয়াসহ বজ্রপাত ও বজ্রবৃষ্টি হতে পারে।
এছাড়া ঝিনাইদহ, মাগুরা, নড়াইল, খুলনা, গোপালগঞ্জ, মাদারীপুর, শরীয়তপুর, ব্রাহ্মণবাড়িয়া, হবিগঞ্জ, সিলেট, মৌলভীবাজার, চাঁদপুর ও কুমিল্লার কিছু এলাকায় বিকাল ৪টার মধ্যে একই ধরনের আবহাওয়ার শঙ্কা রয়েছে।
লঘুচাপের প্রভাব
আবহাওয়া অধিদফতর জানিয়েছে, পশ্চিমবঙ্গ থেকে উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত লঘুচাপের বর্ধিতাংশ সক্রিয় রয়েছে। এর প্রভাবে দেশের বিভিন্ন এলাকায় দমকা হাওয়াসহ বৃষ্টি ও বজ্রবৃষ্টির প্রবণতা বাড়তে পারে। কোথাও কোথাও মাঝারি থেকে ভারী বর্ষণের শঙ্কাও রয়েছে।
তাপপ্রবাহের সতর্কতা
এদিকে খুলনা, সাতক্ষীরা, যশোর, চুয়াডাঙ্গা ও লক্ষ্মীপুর জেলার ওপর দিয়ে মৃদু তাপপ্রবাহ অব্যাহত থাকতে পারে বলেও জানিয়েছে আবহাওয়া অধিদফতর।



