পবিত্র ঈদুল আজহাকে সামনে রেখে দক্ষিণবঙ্গের ২১ জেলার ঘরমুখো মানুষের বাড়ি ফেরা শুরু হলেও এখন পর্যন্ত পদ্মা সেতুর মাওয়া প্রান্তে কোনো যানজটের সৃষ্টি হয়নি। স্বাভাবিকভাবেই চলাচল করছে যানবাহন।
ঈদযাত্রায় এখনো চাপ নেই
ঈদুল আজহার আর মাত্র তিন দিন বাকি থাকলেও মাওয়া প্রান্তে এখন পর্যন্ত যানবাহনের বড় ধরনের কোনো চাপ লক্ষ্য করা যায়নি। তবে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছে, সোমবার (২৫ মে) থেকে যানবাহনের চাপ কিছুটা বাড়তে পারে।
২৪ ঘণ্টায় যানবাহন পারাপার ও টোল আদায়
পদ্মা সেতুর সাইট প্রকৌশলী আবু সাদের দেওয়া তথ্য অনুযায়ী, শনিবার (২৩ মে) রাত ১২টা থেকে রবিবার (২৪ মে) দুপুর ১২টা পর্যন্ত ২৪ ঘণ্টায় পদ্মা সেতু দিয়ে মোট ২৫ হাজার ৯৯৯টি যানবাহন পারাপার হয়েছে। এই সময়ে সেতুর দুই প্রান্ত দিয়ে মোট ৩ কোটি ৩৯ লাখ ৩৫০ টাকা টোল আদায় করা হয়েছে।
এর মধ্যে মাওয়া প্রান্ত দিয়ে পারাপার হয়েছে ১৩ হাজার ২৭৯টি যানবাহন। এই প্রান্ত থেকে নগদ টোল আদায় হয়েছে এক কোটি ৬৫ লাখ ৪৭ হাজার ৬০০ টাকা, ক্রেডিট টোল ৪০ হাজার ৬০০ টাকা ও ইটিসিএস ট্যাগের মাধ্যমে আদায় হয়েছে দুই লাখ ১৮ হাজার ১৫০ টাকা।
অন্যদিকে, জাজিরা প্রান্ত দিয়ে পারাপার হওয়া ১২ হাজার ৭২০টি যানবাহন থেকে নগদ এক কোটি ৬৮ লাখ ৩১ হাজার ৫৫০ টাকা, ক্রেডিট ৩৪ হাজার ৯৫০ টাকা এবং ইটিসিএস ট্যাগের মাধ্যমে ২ লাখ ২৭ হাজার ৫০০ টাকা টোল আদায় হয়েছে।
নিরাপত্তা ব্যবস্থা জোরদার
হাসাড়া হাইওয়ে থানার ওসি মামুনুর রশিদ জানান, ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ে হয়ে পদ্মা সেতু দিয়ে দক্ষিণবঙ্গগামী যাত্রীদের নিরাপদ যাত্রা নিশ্চিত করতে ৬টি টিম কাজ করছে। এর মধ্যে ৪টি স্থানে চেকপোস্ট ও ২টি মোবাইল টিম সার্বক্ষণিক মনিটরিং করছে।
ঈদযাত্রা নিরাপদ, নির্বিঘ্ন ও আনন্দময় করতে আইনশৃঙ্খলা বাহিনী মাঠে সক্রিয় রয়েছে। যাত্রীদের নিরাপদ যাতায়াত নিশ্চিত করতে প্রয়োজনীয় সব ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলে জানিয়েছেন এই কর্মকর্তা।



