সৌদি আরবের হজ ও ওমরাহ মন্ত্রণালয় জানিয়েছে, মিনা ও মুজদালিফা উভয় স্থানেই তাপমাত্রা বাড়ছে। শনিবার (২৩ মে) এই দুই এলাকায় তাপমাত্রা ৪৮ ডিগ্রি সেলসিয়াসে পৌঁছেছে। বাতাসের গতি সীমিত থাকায় দুপুরের দিকে তা ৫০ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
সতর্কতা ও প্রস্তুতি
মন্ত্রণালয় হজ ব্যবস্থাপনার সঙ্গে জড়িত সকল সংস্থাকে প্রস্তুতির স্তর বৃদ্ধি এবং সর্বোচ্চ সতর্কতা অবলম্বনের অনুরোধ জানিয়েছে। হাজিদের নিরাপত্তার স্বার্থে তাদের সরাসরি সূর্যের আলো ও তীব্র গরমে হাঁটাচলা থেকে বিরত থাকতে বলা হয়েছে। যথাসম্ভব তাঁবুর ভেতরে অবস্থানের পরামর্শ দেওয়া হয়েছে।
স্বাস্থ্য নির্দেশনা
সৌদি হজ ও ওমরাহ মন্ত্রণালয়ের পক্ষ থেকে রোদে ছাতা ব্যবহার, প্রচুর পানি ও তরল খাবার গ্রহণের অনুরোধ করা হয়েছে। এছাড়া, সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জারি করা সকল স্বাস্থ্য বার্তা ও পরিচালন নির্দেশনা মেনে চলার ওপর জোর দেওয়া হয়েছে।
বাংলাদেশি হাজিদের প্রতি আহ্বান
সৌদি সরকারের এই নোটিশের আলোকে ধর্ম বিষয়ক মন্ত্রণালয় বাংলাদেশি হজযাত্রীদের তীব্র গরমে সতর্কতা অবলম্বন ও স্বাস্থ্যবিধি মেনে চলার অনুরোধ জানিয়েছে। হাজিদের নিরাপত্তা নিশ্চিতে সব ধরনের ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলে জানিয়েছে মন্ত্রণালয়।



