ভারতের রাজধানী দিল্লিসহ বিভিন্ন শহরে তাপমাত্রা ৪২ ডিগ্রি সেলসিয়াসের ওপরে রয়েছে। তীব্র তাপপ্রবাহে পুড়তে থাকা দেশটির জন্য আবহাওয়া দপ্তর (আইএমডি) এক বড় স্বস্তির খবর দিয়েছে। শুক্রবার (২২ মে) ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়া টুডের এক প্রতিবেদন থেকে এ তথ্য জানা যায়।
মৌসুমি মেঘমালার আগমন
আইএমডির ইনস্যাট-থ্রিডিএস উপগ্রহ চিত্রে দেখা গেছে, আরব সাগর ও বঙ্গোপসাগরের ওপর দ্রুত বিশাল মৌসুমি মেঘমালা তৈরি হচ্ছে এবং সেটি ভারতীয় উপকূলের দিকে ধেয়ে আসছে। এই মেঘমালা দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ুকে আরও শক্তিশালী করছে, যা নির্ধারিত সময়ের আগেই কেরালায় পৌঁছে যেতে পারে বলে জানিয়েছেন আবহাওয়াবিদেরা।
উপগ্রহ চিত্রে ঘন মেঘের স্তর
উপগ্রহ চিত্রে দেখা যায়, দক্ষিণ আরব সাগর, বঙ্গোপসাগর এবং ভারত মহাসাগরের পূর্বাংশের বিশাল এলাকাজুড়ে ঘন মেঘের স্তর তৈরি হয়েছে। বিশেষ করে দক্ষিণ শ্রীলঙ্কা এবং দক্ষিণ-পূর্ব আরব সাগরের ওপর মেঘের তীব্র ঘনঘটা দেখা যাচ্ছে, যা কেরালায় মৌসুমি বায়ু প্রবেশের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ।
স্থলভাগের তাপ টেনে আনছে আর্দ্র বাতাস
স্থলভাগের চরম উত্তাপের কারণে ভারত মহাসাগর থেকে আর্দ্রতাযুক্ত বাতাস মহাদেশের দিকে আর্দ্র মেঘকে টেনে আনছে। স্থলভাগের অতিরিক্ত তাপ ভারত মহাসাগর থেকে আর্দ্র বাতাস টেনে আনছে। ফলে বায়ুমণ্ডলে বজ্রগর্ভ মেঘ দ্রুত উঁচুতে উঠছে, যা ভারী বর্ষণের আগাম সংকেত বলে জানিয়েছে আবহাওয়াবিদেরা।
বর্তমান তাপপ্রবাহের চিত্র
উল্লেখ্য, বর্তমানে ভারতের উত্তর ও মধ্যাঞ্চল ভয়াবহ তাপপ্রবাহের মধ্যে রয়েছে। বিশেষ করে রাজস্থান, উত্তর প্রদেশ, বিহার, ঝাড়খণ্ড, ছত্তিশগড়, ওড়িশা ও বিদর্ভ অঞ্চলে তাপমাত্রা ৪৫ ডিগ্রি সেলসিয়াস ছাড়িয়েছে। এই পরিস্থিতিতে মৌসুমি বায়ুর আগাম আগমন তীব্র তাপ থেকে স্বস্তি এনে দিতে পারে বলে আশা করা হচ্ছে।



