ভারতের তামিলনাড়ু রাজ্যের মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন চন্দ্রশেখর জোসেফ বিজয়, যিনি থালাপতি বিজয় নামে বেশি পরিচিত। রোববার স্থানীয় সময় সকাল ১০টায় চেন্নাইয়ের জওহরলাল নেহরু স্টেডিয়ামে এই শপথ অনুষ্ঠান সম্পন্ন হয়। রাজ্যের গভর্নর রাজেন্দ্র বিশ্বনাথ আরলেকার তাকে শপথ বাক্য পাঠ করান।
শপথ নেওয়া মন্ত্রীরা
নতুন সরকারের অন্যান্য মন্ত্রীরা হলেন—এন আনন্দ, আধব অর্জুন, রাজমোহন, আর নির্মল কুমার, পি ভেঙ্কটরামানান, কে জি অরুণ রাজ, কে এ সেনগোট্টাইয়ান, টি কে প্রভু এবং সেলভি এস কীর্তনা।
অনুষ্ঠানে উপস্থিতি
শপথ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ভারতীয় জাতীয় কংগ্রেসের রাজনীতিক এবং লোকসভার বিরোধীদলীয় নেতা রাহুল গান্ধী। এছাড়াও থালাপতি বিজয়ের বাবা-মা, অভিনেত্রী তৃষ্ণা কৃষ্ণানসহ আমন্ত্রিত অতিথি ও সমর্থকেরা উপস্থিত ছিলেন। ভারতীয় জনতা পার্টির (বিজেপি) রাজ্য পর্যায়ের শীর্ষ নেতারাও অনুষ্ঠানে অংশ নেন।
সরকার গঠনের পটভূমি
জোট গঠন নিয়ে কয়েক দিনের নাটকীয়তার পর শনিবার দলের শীর্ষ নেতাদের নিয়ে লোকভবনে গিয়ে গভর্নরের সঙ্গে বৈঠক করেন থালাপতি বিজয়। এর পর গভর্নর তাকে সরকার গঠনের আহ্বান জানান।
গত সোমবার তামিলনাডু বিধানসভা নির্বাচনের ফলাফল ঘোষণা করা হয়। এতে সবচেয়ে বেশি আসন পায় তামিল চলচ্চিত্রের নায়ক থেকে রাজনীতিতে আসা থালাপতি বিজয়ের রাজনৈতিক দল তামিলাগা ভেটরি কাজাগাম (টিভিকে)। তারা পায় ১০৮টি আসন। এর মধ্যে ৫১ বছরের থালাপতি নিজে দুটি আসনে জয়ী হন।
জোট গঠনের প্রক্রিয়া
তামিলনাড়ুর ২৩৪ আসনের বিধানসভায় সরকার গঠনের জন্য প্রয়োজন ছিল ১১৮টি আসন। শুক্রবার পর্যন্ত টিভিকের সমর্থন ১১৬ আসনে আটকে ছিল। এ কারণে গভর্নর সরকার গঠনের আহ্বান জানাননি।
গতকাল বিদুথালাই চিরুথাইগাল কাচ্চির (ভিসিকে) ও ইন্ডিয়ান ইউনিয়ন মুসলিম লিগ (আইইউএমএল) নামের দুটি রাজনৈতিক দল আনুষ্ঠানিকভাবে টিভিকে-কে সমর্থন দিলে পরিস্থিতি বদলে যায়। এ দুই দলের দুটি করে চারটি আসন যোগ হয়ে জোটের শক্তি দাঁড়ায় ১২০ আসনে।
গভর্নরের কাছে ভারতীয় জাতীয় কংগ্রেস, ভারতের কমিউনিস্ট পার্টি (সিপিআই) এবং ভারতের কমিউনিস্ট পার্টি (মার্ক্সবাদী) সিপিআই(এম)-এর সমর্থনপত্র জমা দিয়েছেন থালাপতি।
ঐতিহাসিক ঘটনা
তামিলনাড়ুর রাজনৈতিক ইতিহাসে এবারই প্রথমবারের মতো কয়েকটি দল মিলে জোট সরকার গঠন করেছে।



