থালাপতি বিজয়ের সরকার গঠনের পথে বাধা কাটল, সমর্থন দিল ভিসিকে ও আইইউএমএল
থালাপতি বিজয়ের সরকার গঠনে বাধা কাটল, সমর্থন দিল ভিসিকে ও আইইউএমএল

ভারতের তামিলনাডু রাজ্যের থালাপতি বিজয়ের নেতৃত্বাধীন দল তামিলাগা ভেটরি কাজাগামের (টিভিকে) সরকার গঠনের পথে অবশেষে বাধা কেটেছে। স্থানীয় রাজনৈতিক দল বিদুথালাই চিরুথাইগাল কাচ্চি (ভিসিকে) এবং ইন্ডিয়ান ইউনিয়ন মুসলিম লিগ (আইইউএমএল) আনুষ্ঠানিকভাবে সমর্থন দেওয়ায় এই অগ্রগতি সম্ভব হয়েছে। ভিসিকে ও আইইউএমএলের দুটি করে মোট চারটি আসন টিভিকের ভান্ডারে যোগ হওয়ায় তাদের মোট আসন সংখ্যা দাঁড়িয়েছে ১২০টি। সরকার গঠনের জন্য প্রয়োজনীয় সংখ্যা ছিল ১১৮টি আসন।

সমর্থন পাওয়ার পর উল্লাস

সরকার গঠনের জন্য প্রয়োজনীয় আসন নিশ্চিত হওয়ায় টিভিকের সদর দপ্তরে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা যায়। দলনেতা ও সম্ভাব্য মুখ্যমন্ত্রী থালাপতি বিজয় সমর্থকদের উদ্দেশে বলেন, 'উল্লাস শুরু করো।' ভিসিকের আনুষ্ঠানিক সমর্থনপত্রে বলা হয়েছে, তামিলনাড়ুতে স্থিতিশীল ও গণতান্ত্রিক সরকার নিশ্চিত করতে থালাপতি বিজয়কে সমর্থন দেওয়া হয়েছে। দলটির বিধানসভা দলনেতা ভান্নি আরাসু স্বাক্ষরিত চিঠি রাজ্যপাল রাজেন্দ্র আরলেকারের কাছে পাঠানো হয়েছে।

সিপিআই ও সিপিআই(এম)-এর সমর্থন

হিন্দুস্তান টাইমসের প্রতিবেদনে বলা হয়েছে, শনিবার থালাপতি বিজয় নিজ দল টিভিকের জ্যেষ্ঠ নেতাদের সঙ্গে নিয়ে চেন্নাইয়ের লোকভবনে যান। সেখানে তিনি ভারতের কমিউনিস্ট পার্টি (সিপিআই) এবং ভারতের কমিউনিস্ট পার্টি (মার্ক্সবাদী) বা সিপিআই(এম)-এর সমর্থনপত্র জমা দেন। নিয়ম অনুযায়ী, থালাপতি বিজয় সব সমর্থনপত্র রাজ্যপালের কাছে জমা দিয়ে আনুষ্ঠানিকভাবে সরকার গঠনের দাবি জানাবেন। এরপর রাজ্যপাল তাঁকে সরকার গঠনের আমন্ত্রণ জানাবেন।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ
Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

রাজ্যপালের সঙ্গে বৈঠক

রাজ্যপালের পক্ষ থেকে এ পর্যন্ত আনুষ্ঠানিক কোনো ঘোষণা আসেনি। তবে হিন্দুস্তান টাইমস জানিয়েছে, আজ শনিবার থালাপতি রাজ্যপাল রাজেন্দ্র আরলেকারের সঙ্গে বৈঠক করেছেন। গত সোমবার তামিলনাডু বিধানসভা নির্বাচনের ফল ঘোষণা করা হয়। এতে সবচেয়ে বেশি আসন পায় তামিল চলচ্চিত্রের নায়ক থেকে রাজনীতিতে এসে চমক দেখানো থালাপতি বিজয়ের দল টিভিকে। তারা পায় ১০৮টি আসন। এর মধ্যে বিজয় নিজে লড়েছিলেন দুটি আসনে। ফলে দলের মোট বিধায়কের সংখ্যা দাঁড়ায় ১০৭। কিন্তু ২৩৪ আসনের বিধানসভায় সরকার গঠনের জন্য প্রয়োজন ১১৮টি আসন।

জোট সরকার গঠনের পথ

শুক্রবার পর্যন্ত টিভিকের সমর্থন কার্যত ১১৬-তে আটকে ছিল। আজ শনিবার সকাল পর্যন্ত তারা ভিসিকের আনুষ্ঠানিক সমর্থনের অপেক্ষায় ছিল। ভিসিকে ও আইইউএমএলের সমর্থন নিশ্চিত হওয়ায় দক্ষিণ ভারতের রাজ্যটিতে প্রথমবারের মতো জোট সরকার গঠনের পথ তৈরি হয়েছে।