চুয়াডাঙ্গায় মৌমাছির কামড়ে নৈশ প্রহরীর মৃত্যু
চুয়াডাঙ্গায় মৌমাছির কামড়ে প্রহরীর মৃত্যু

চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলায় মৌমাছির কামড়ে আনিসুর রহমান (৪৫) নামের এক নৈশ প্রহরীর মৃত্যু হয়েছে। শনিবার (২৫ এপ্রিল) সকাল ১০টার দিকে গুরুতর অসুস্থ অবস্থায় তাকে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

নিহতের পরিচয়

মৃত আনিসুর রহমান দামুড়হুদা উপজেলার সদর ইউনিয়নের বাজারপাড়া এলাকার বাসিন্দা ও আবু তাহেরের ছেলে। তিনি পেশায় ঝিনাইদহ জেলার খালিশপুর এলাকার একটি কোল্ডস্টোরের নৈশ প্রহরী ছিলেন।

ঘটনার বিবরণ

স্থানীয়রা জানান, প্রতিদিনের মতো দায়িত্ব শেষে ভোরে পাখিভ্যানে করে বাড়ি ফিরছিলেন তিনি। পথে জয়রামপুর এলাকায় পৌঁছালে হঠাৎ একটি মৌচাক ভেঙে পড়ে এবং একাধিক মৌমাছি তাকে আক্রমণ করে। এ সময় একটি মৌমাছি তার কানের ভেতরেও ঢুকে পড়ে বলে জানা গেছে। তীব্র যন্ত্রণায় তিনি পাশের একটি পুকুরে ঝাঁপ দেন। পরে বাড়িতে ফিরে অসুস্থ হয়ে পড়লে পরিবারের সদস্যরা তাকে প্রথমে দামুড়হুদা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। অবস্থার অবনতি হলে দ্রুত চুয়াডাঙ্গা সদর হাসপাতালে পাঠানো হয়, তবে সেখানে নেওয়ার আগেই তার মৃত্যু হয়।

Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

চিকিৎসকের বক্তব্য

চুয়াডাঙ্গা সদর হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ডা. ওয়াহেদ মাহমুদ রবিন জানান, মৌমাছির কামড়ে আক্রান্ত হওয়ার তথ্য পরিবারের কাছ থেকে পাওয়া গেছে, তবে হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়েছে।

শোকের ছায়া

নিহতের প্রতিবেশীরা জানান, আনিসুর রহমান তিন সন্তানের জনক ছিলেন। তার আকস্মিক মৃত্যুতে পরিবার ও এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। এ ঘটনায় দামুড়হুদা মডেল থানার পুলিশ পরিদর্শক (অপারেশন) সুলতান মাহমুদ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ