দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু বলেছেন, খাল খনন কর্মসূচি সবুজ বিপ্লবের সূচনা করবে। এর মাধ্যমে প্রকৃতির ভারসাম্য রক্ষা হবে। খালের পানিতে মাছ চাষের ফলে ‘মাছে-ভাতে বাঙালির’ সেই দিন ফিরে আসবে।
শুক্রবার (২২ মে) দুপুরে ময়মনসিংহের ত্রিশালে ধরার খাল পুনঃখনন কার্যক্রম পরিদর্শনকালে তিনি এসব কথা বলেন। এ সময় মন্ত্রী খাল খনন কর্মসূচিতে স্বতঃস্ফূর্তভাবে অংশ নিতে সবার প্রতি আহ্বান জানান।
এ সময় স্থানীয় সংসদ সদস্য ডা. মাহবুবুর রহমান লিটন, ময়মনসিংহ জেলা প্রশাসক সাইফুর রহমানসহ স্থানীয় রাজনৈতিক নেতারা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, প্রধানমন্ত্রী তারেক রহমান আগামীকাল শহীদ জিয়ার স্মৃতিবিজড়িত এ খাল পুনঃখনন কার্যক্রম উদ্বোধন করতে ত্রিশাল আসছেন। এ সময় প্রধানমন্ত্রী খালপাড়ে একটি তালগাছ রোপণ করবেন বলেও জানা গেছে। প্রধানমন্ত্রীর এ আগমনকে ঘিরে স্থানীয় মানুষের মাঝে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা বিরাজ করছে।
ত্রাণমন্ত্রী আরও বলেন, এই খাল খনন কর্মসূচি শুধু মাছ চাষের জন্যই নয়, বরং কৃষি জমিতে সেচের পানি সরবরাহ এবং বন্যা নিয়ন্ত্রণেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। তিনি আশা প্রকাশ করেন, এ কর্মসূচি দেশের খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে সহায়তা করবে।



