দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু বলেছেন, খাল খনন কর্মসূচি সবুজ বিপ্লবের সূচনা করবে। এর মাধ্যমে প্রাকৃতিক ভারসাম্য রক্ষা হবে এবং খালের পানিতে মাছ চাষের ফলে মাছে-ভাতে বাঙালির সেই দিন ফিরে আসবে।
ত্রিশালে ধরার খাল পরিদর্শন
শুক্রবার (২২ মে) ময়মনসিংহের ত্রিশালে ধরার খাল পুনঃখনন কার্যক্রম পরিদর্শনকালে স্থানীয় জনসাধারণের উদ্দেশে মন্ত্রী এ কথা বলেন। তিনি খাল খনন কর্মসূচিতে স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণের জন্য সবার প্রতি আহ্বান জানান।
প্রধানমন্ত্রীর আগমন
প্রধানমন্ত্রী তারেক রহমান শনিবার (২৩ মে) শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের স্মৃতিবিজড়িত এ খাল পুনঃখনন কার্যক্রম উদ্বোধন করতে ত্রিশাল যাবেন। খালপাড়ে তিনি একটি তালগাছ রোপণ করবেন। প্রধানমন্ত্রীর আগমনকে ঘিরে এ এলাকার মানুষের মাঝে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা বিরাজ করছে।
ঐতিহাসিক প্রেক্ষাপট
শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ১৯৭৯ সালের ৬ সেপ্টেম্বর এ খাল খননের সূচনা করেন। স্থানীয় সংসদ সদস্য ডা. মাহবুবুর রহমান লিটন, ময়মনসিংহ জেলা প্রশাসক সাইফুর রহমানসহ স্থানীয় রাজনৈতিক নেতারা এ সময় উপস্থিত ছিলেন।



