জাতীয় মুক্তি কাউন্সিলের কেন্দ্রীয় সমন্বয়কারী ফয়জুল হাকিম বলেছেন, পানি আগ্রাসনের মাধ্যমে ভারত বাংলাদেশের জনগণকে শায়েস্তা করতে চায়। ফারাক্কা বাঁধ তার অন্যতম উদাহরণ। এ ধরনের আগ্রাসনের বিরুদ্ধে সবাইকে সোচ্চার হতে হবে।
ফারাক্কা লং মার্চের ৫০ বছর পূর্তি
শনিবার (১৬ মে) বিকালে রাজধানীর তোপখানা রোডে সংগঠনের কেন্দ্রীয় কার্যালয়ে ফারাক্কা লং মার্চের ৫০ বছর পূর্তি উপলক্ষে আয়োজিত এক আলোচনা সভায় সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
ফয়জুল হাকিম বলেন, ১৯৭৫ সাল থেকে ফারাক্কা বাঁধের কারণে বাংলাদেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলে মরুকরণ বাড়ছে। ফসল উৎপাদন কমেছে, জীবিকা হারিয়ে মানুষ বাস্তুচ্যুত হচ্ছে।
মওলানা ভাসানীর লং মার্চ
তিনি আরও বলেন, ফারাক্কা বাঁধের বিরূপ প্রভাব বিবেচনায় নিয়েই মওলানা ভাসানী ১৯৭৬ সালে লং মার্চ কর্মসূচি দিয়েছিলেন। তিনি রাজনৈতিক কর্মসূচি হিসেবে পানি ও পরিবেশের প্রশ্নকে সামনে এনেছিলেন, কৃষকের স্বার্থকে গুরুত্ব দিয়েছিলেন এবং ভারতীয় আধিপত্যের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলেছিলেন।
ফয়জুল হাকিম বলেন, জনগণের সার্বিক মুক্তির লক্ষ্যে পানি সম্পদকে কাজে লাগাতে হলে শ্রমিক, কৃষক ও নিপীড়িত জনগণের সরকার প্রতিষ্ঠার রাজনৈতিক সংগ্রাম জোরদার করতে হবে।
সভায় আরও বক্তব্য রাখেন মুহাম্মদ কাইয়ুম, মুঈনুদ্দীন আহমেদ, মিতু সরকার, মনোয়ারুল ইসলাম এবং অ্যাডভোকেট আবুল কালাম।



