চিলির জাদুঘরে তিনজনের সাক্ষাৎ: এক অভিজ্ঞতার গল্প
চিলি আসার পরিকল্পনা যখন থেকে করছি, তখন থেকেই মাথায় ঘুরছে বীর নেতা আলেন্দে, ভিক্টর হারা, পাবলো নেরুদার নাম। রাতে হোস্টেল ম্যানেজার বারবারা বলে দিয়েছেন, হোস্টেল থেকে বেরিয়েই সামনের রাস্তা ধরে বাঁয়ে হাঁটতে হবে মিনিট দশেকের কম। একসময় আমি নাকি নিজেই বুঝতে পারব আমি পৌঁছে গেছি এক জাদুঘরের কাছে। যেটা বলেছেন, ঠিক সেটাই ঘটেছে। জাদুঘর খুঁজে পেতে আমার ঘাম ছোটেনি।
একটি তরুণ আর এক তরুণী দাঁড়িয়ে সংগ্রহশালার প্রবেশপথে। এখানে কি কোনো টিকিট কাউন্টার আছে? জানতে চাইলাম। মেয়েটি বলল এটা ফ্রি। আরও বলল, আমরা দুজনও এটা দেখতে এসেছি, চলো, আমরা তিনজন একসঙ্গে যাই? মেয়েটির ইংরেজি শুনে আর আমন্ত্রণ পেয়ে আমি স্বস্তি পেলাম। এ তল্লাটে ইংরেজি শোনাই যায় না। মেয়েটি চিলিয়ান। ছেলেটি তার প্রেমিক, এসেছে আর্জেন্টিনা থেকে। মেয়েটির নাম পাজ, ছেলেটির মেথিয়াস। মেয়েটি তার প্রেমিককে চিলির বিভিন্ন স্থান ঘুরে দেখাচ্ছে। আমি তাদের সঙ্গে মিশে গেলাম।


