মধ্যপ্রাচ্য যুদ্ধ অবসানে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে সই হওয়া সমঝোতা স্মারকের (এমওইউ) আওতায় ইরান অবিলম্বে কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালি খুলে দেবে। একই সঙ্গে ইরানের বন্দরগুলোর ওপর মার্কিন নৌ অবরোধও তাৎক্ষণিকভাবে প্রত্যাহার করা হবে।
আজ বৃহস্পতিবার পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (সাবেক টুইটার) দেওয়া এক পোস্টে এ ঘোষণা দেন। প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ বলেন, এ সমঝোতা স্মারক অবিলম্বে কার্যকর হবে। এর প্রথম পদক্ষেপ হিসেবে ইরান তাৎক্ষণিকভাবে হরমুজ প্রণালি খুলে দেবে এবং যুক্তরাষ্ট্র তাদের নৌ অবরোধ তুলে নেবে।
পাকিস্তানের ভূমিকা
শাহবাজ শরিফ নিশ্চিত করেন, কাতারের সহায়তায় পাকিস্তান আগামীকাল শুক্রবার (১৯ জুন) সুইজারল্যান্ডে একটি অনুষ্ঠানের আয়োজন করতে যাচ্ছে। ঐতিহাসিক এই ঘটনাকে স্মরণীয় করে রাখতে ও কারিগরি পর্যায়ের আলোচনা শুরু করার লক্ষ্যেই এ অনুষ্ঠানের আয়োজন করা হচ্ছে।
এর আগে এক দিন আগেই যুদ্ধ বন্ধের সমঝোতা স্মারকে সই করেছিলেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। এই সমঝোতা স্মারক বাস্তবায়নে পাকিস্তান ও কাতার গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে বলে জানা গেছে।
হরমুজ প্রণালি বিশ্বের সবচেয়ে গুরুত্বপূর্ণ তেল পরিবহন রুটগুলোর একটি। এই প্রণালি খুলে দেওয়ায় আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের সরবরাহ স্বাভাবিক হবে বলে আশা করা হচ্ছে। অন্যদিকে, মার্কিন নৌ অবরোধ প্রত্যাহারের ফলে ইরানের বন্দরগুলোর মাধ্যমে বাণিজ্যিক কার্যক্রম পুনরায় চালু হবে।



