ক্যান্সারে হাসপাতালে ভর্তি ব্রাজিলের বিশ্বকাপজয়ী কোচ পেরেইরা
ক্যান্সারে হাসপাতালে ভর্তি ব্রাজিলের কিংবদন্তি কোচ পেরেইরা

ব্রাজিলের বিশ্বকাপজয়ী কিংবদন্তি কোচ কার্লোস আলবার্তো পেরেইরা ক্যান্সারের চিকিৎসার জন্য হাসপাতালে ভর্তি হয়েছেন। ৮৩ বছর বয়সী এই অভিজ্ঞ কোচ দেশটির সামারিতানো বারা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। স্পোর্টস্টারের প্রতিবেদন অনুযায়ী, বুধবার (১৭ জুন) হাসপাতাল কর্তৃপক্ষ এক বিবৃতিতে তার ভর্তি হওয়ার বিষয়টি নিশ্চিত করেছে। তবে তিনি ঠিক কবে ভর্তি হয়েছেন বা তার বর্তমান শারীরিক অবস্থার বিস্তারিত সম্পর্কে কোনো তথ্য প্রকাশ করা হয়নি।

পেরেইরার ক্যান্সার ইতিহাস

পেরেইরার শরীরে ২০০৩ সালে হজকিন্স লিম্ফোমা ক্যান্সার ধরা পড়ে। এরপর থেকে তিনি নিয়মিত চিকিৎসা ও পর্যবেক্ষণের মধ্যে রয়েছেন।

ব্রাজিলের সফল কোচ

ব্রাজিলের ফুটবল ইতিহাসে অন্যতম সফল কোচ হিসেবে পরিচিত পেরেইরা ১৯৯৪ সালে যুক্তরাষ্ট্র বিশ্বকাপে সেলেসাওদের চতুর্থ শিরোপা জয়ে নেতৃত্ব দেন। পরে ২০০৬ বিশ্বকাপেও ব্রাজিলের প্রধান কোচের দায়িত্ব পালন করেন। তার অধীনেই ব্রাজিল ২০০৪ সালের কোপা আমেরিকা এবং ২০০৫ সালের কনফেডারেশনস কাপের শিরোপা জেতে।

Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

ব্রাজিল ফুটবল ফেডারেশনের তথ্য অনুযায়ী, জাতীয় দলের কোচ হিসেবে তিনি মোট ১৭৭টি ম্যাচে দায়িত্ব পালন করেন। তার নেতৃত্বে ব্রাজিল ১২৪টি ম্যাচে জয় পায়, ৩৯টি ম্যাচ ড্র করে এবং মাত্র ১৪টি ম্যাচে পরাজিত হয়। এছাড়া ১৯৭০ সালের বিশ্বকাপজয়ী ব্রাজিল দলের কোচিং স্টাফের সদস্য ছিলেন পেরেইরা। ২০১৪ বিশ্বকাপে তিনি লুইজ ফেলিপে স্কলারির অধীনে দলের সমন্বয়কারীর দায়িত্বও পালন করেন।

আন্তর্জাতিক কোচিং ক্যারিয়ার

ব্রাজিলের বাইরে আন্তর্জাতিক ফুটবলেও রয়েছে তার সমৃদ্ধ অভিজ্ঞতা। তিনি কুয়েত (১৯৮২), সংযুক্ত আরব আমিরাত (১৯৯০), সৌদি আরব (১৯৯৮) এবং দক্ষিণ আফ্রিকা (২০১০) জাতীয় দলকে বিশ্বকাপে কোচিং করিয়েছেন। বিশ্ব ফুটবলের অন্যতম অভিজ্ঞ এই কোচের দ্রুত সুস্থতা কামনা করছেন ব্রাজিলের ফুটবলপ্রেমী ও সাবেক খেলোয়াড়রা।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ