যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে চলমান যুদ্ধ বন্ধে একটি সংক্ষিপ্ত সমঝোতা স্মারক (মেমো) চূড়ান্ত হওয়ার পথে রয়েছে। দুদেশের মধ্যে শান্তি প্রচেষ্টার সঙ্গে যুক্ত একটি পাকিস্তানি সূত্র বার্তা সংস্থা রয়টার্সকে এ তথ্য জানিয়েছে। বুধবার (৬ মে) সূত্রের বরাতে রয়টার্স জানিয়েছে, উভয় পক্ষের মধ্যে আলোচনায় অগ্রগতি হয়েছে এবং দ্রুতই একটি এক পৃষ্ঠার মেমোতে সমঝোতা হতে পারে।
আলোচনায় অগ্রগতি
এমন তথ্য আগে মার্কিন সংবাদমাধ্যম অ্যাক্সিওসের প্রতিবেদনেও উঠে এসেছে। গণমাধ্যমটিকে সূত্র বলেছেন, 'আমরা খুব শিগগিরই এটি (সমঝোতা স্বাক্ষর) সম্পন্ন করব। আমরা চূড়ান্ত পর্যায়ের খুব কাছাকাছি আছি।' প্রতিবেদনে বলা হয়েছে, এই মেমোটি যুদ্ধের অবসান ঘটানোর একটি প্রাথমিক কাঠামো হিসেবে কাজ করবে। পরবর্তীতে বিস্তারিত শর্তাবলি ও দীর্ঘমেয়াদি সমাধান নিয়ে আরও আলোচনা হতে পারে।
যুক্তরাষ্ট্রের প্রত্যাশা
অ্যাক্সিওস প্রতিবেদনে লিখেছে, যুক্তরাষ্ট্র আগামী ৪৮ ঘণ্টার মধ্যে কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয়ে ইরানের প্রতিক্রিয়া আশা করছে। এখনো কোনো চূড়ান্ত সমঝোতা হয়নি। তবে সূত্রগুলো বলছে, যুদ্ধ শুরুর পর থেকে এটিই উভয় পক্ষের মধ্যে সবচেয়ে অগ্রসর পর্যায়ের আলোচনা। ইরানের প্রতিক্রিয়ার ওপর নির্ভর করবে এই সমঝোতা স্বাক্ষরের ভবিষ্যৎ।
বিশ্ববাজারে প্রভাব
বিশ্লেষকদের মতে, যদি এই সমঝোতা বাস্তবায়িত হয়, তবে তা মধ্যপ্রাচ্যের চলমান উত্তেজনা কমাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। একই সঙ্গে বৈশ্বিক জ্বালানি বাজারেও ইতিবাচক প্রভাব ফেলতে পারে। কারণ ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে যুদ্ধের কারণে জ্বালানি সরবরাহ ব্যাহত হওয়ার আশঙ্কা তৈরি হয়েছিল।
উল্লেখ্য, ইরানে যুক্তরাষ্ট্র-ইসরাইলের যৌথ হামলার পরিপ্রেক্ষিতে এই যুদ্ধ শুরু হয়। মধ্যপ্রাচ্য সংকট সমাধানে এই সমঝোতা একটি সম্ভাবনাময় পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে। তবে এখনও চূড়ান্ত সিদ্ধান্তের অপেক্ষায় রয়েছে বিশ্ব।



