মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হরমুজ প্রণালিতে আটকে পড়া বাণিজ্যিক জাহাজগুলোকে উদ্ধারে 'প্রজেক্ট ফ্রিডম' নামে একটি বিশেষ অভিযানের ঘোষণা দেওয়ার পর ইরান যুক্তরাষ্ট্রকে কঠোর সতর্কবার্তা দিয়েছে। ট্রাম্পের এই পরিকল্পনাকে 'হস্তক্ষেপ' হিসেবে চিহ্নিত করে ইরানের জাতীয় নিরাপত্তা কমিশনের প্রধান এব্রাহিম আজিজি সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে এক বার্তায় বলেন, হরমুজ প্রণালির নতুন সামুদ্রিক প্রশাসনিক ব্যবস্থায় যুক্তরাষ্ট্রের যেকোনো হস্তক্ষেপকে চলমান যুদ্ধবিরতি লঙ্ঘন বলে বিবেচনা করা হবে।
হরমুজ প্রণালির গুরুত্ব
আরব উপসাগর ও পারস্য উপসাগরকে সংযুক্তকারী ১৬৭ কিলোমিটার দীর্ঘ হরমুজ প্রণালি বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক বাণিজ্য জলপথ। বিশ্বের এক-পঞ্চমাংশ তেল, গ্যাস ও জ্বালানি পণ্য এই প্রণালি দিয়ে পরিবহন করা হয়। গত ২৮ ফেব্রুয়ারি ইরান-যুক্তরাষ্ট্র-ইসরাইল যুদ্ধ শুরুর পর ইরান হরমুজ প্রণালিতে অবরোধ জারি করলে প্রণালি ও সংলগ্ন এলাকায় শতাধিক জাহাজ আটকা পড়ে।
ট্রাম্পের 'প্রজেক্ট ফ্রিডম' ঘোষণা
রোববার (৩ মে) নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে এক বার্তায় প্রেসিডেন্ট ট্রাম্প বলেন, যুক্তরাষ্ট্র নৌবাহিনীর প্রহরায় আটকে পড়া বাণিজ্যিক জাহাজগুলোকে প্রণালি থেকে বের হতে সহায়তা করবে। এই প্রকল্পের নাম দেওয়া হয়েছে 'প্রোজেক্ট ফ্রিডম'। ট্রাম্প আরও লেখেন, বিশ্বের অনেক দেশের বাণিজ্যিক জাহাজ হরমুজে আটকা পড়েছে, যাদের অধিকাংশই মধ্যপ্রাচ্যের চলমান সংঘাতের সঙ্গে সরাসরি জড়িত নয় এবং তারা যুক্তরাষ্ট্রের কাছে সহায়তা চেয়েছে।
ইরানের প্রতিক্রিয়া
ট্রাম্পের ট্রুথ সোশ্যাল পোস্টের কিছুক্ষণ পরই ইরানের জাতীয় নিরাপত্তা কমিশনের প্রধান আজিজি এক্সে এক পোস্টে যুক্তরাষ্ট্রকে সতর্ক করে বলেন, হরমুজ প্রণালির নতুন প্রশাসনিক ব্যবস্থায় যুক্তরাষ্ট্রের যে কোনো হস্তক্ষেপ যুদ্ধবিরতি লঙ্ঘন হিসেবে গণ্য হবে। যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় সোমবার সকাল থেকে (বাংলাদেশ সময় সোমবার রাত) 'প্রজেক্ট ফ্রিডম' শুরু হওয়ার কথা রয়েছে।
সূত্র: এএফপি, এনডিটিভি



