মধ্যপ্রাচ্যে ১৮ মার্কিন ঘাঁটিতে ইরানের পাল্টা হামলা, বন্ধ হরমুজ প্রণালি
মধ্যপ্রাচ্যে ১৮ মার্কিন ঘাঁটিতে ইরানের পাল্টা হামলা

ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি) এবং দেশটির সেনাবাহিনী যৌথভাবে মধ্যপ্রাচ্যে অবস্থিত ১৮টি মার্কিন সামরিক স্থাপনার বিরুদ্ধে সমন্বিত পাল্টা হামলা চালিয়েছে। বৃহস্পতিবার (১১ জুন) ভোরে প্রকাশিত বিবৃতিতে এই তথ্য জানানো হয়।

হামলার লক্ষ্যবস্তু

আইআরজিসির দাবি, তাদের মহাকাশ বাহিনী ও নৌবাহিনী দুই দফায় এই অভিযান পরিচালনা করে। কুয়েতের আলী আল-সালেম ও আহমাদ আল-জাবের বিমানঘাঁটি এবং বাহরাইনের শেখ ইসা বিমানঘাঁটিসহ মার্কিন বাহিনীর ১৮টি গুরুত্বপূর্ণ লক্ষ্যবস্তুতে হামলা চালানো হয়। বাহরাইনে অবস্থিত মার্কিন পঞ্চম নৌবহরের সদরদপ্তরও এই হামলার লক্ষ্যবস্তু ছিল বলে তেহরান জানিয়েছে।

ড্রোন হামলা

ইরানের সেনাবাহিনীর জনসংযোগ বিভাগ জানায়, বিস্ফোরকবাহী ড্রোন ব্যবহার করে পঞ্চম নৌবহরের সদরদপ্তরে হামলা চালানো হয়েছে। বিবৃতিতে বলা হয়, যুদ্ধবিরতি লঙ্ঘন এবং দক্ষিণ ইরানের বিভিন্ন অঞ্চলে হামলার প্রতিক্রিয়ায় এই অভিযান পরিচালিত হয়। প্যাট্রিয়ট আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার সঙ্গে সংশ্লিষ্ট যোগাযোগ অ্যান্টেনা ও রাডার ব্যবস্থাকেও লক্ষ্যবস্তু করা হয়েছে।

Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

ইরানের সতর্কবার্তা

ইরানের সেনাবাহিনী জানিয়েছে, তারা পরবর্তী যেকোনো সংঘাত মোকাবিলায় পুরোপুরি প্রস্তুত এবং ‘আগ্রাসীর শাস্তি সম্পূর্ণ না হওয়া পর্যন্ত’ অভিযান অব্যাহত থাকবে। ইরানের সর্বোচ্চ সামরিক অপারেশনাল কমান্ড ইউনিট খাতাম আল-আম্বিয়া কেন্দ্রীয় সদরদপ্তর দাবি করেছে, সশস্ত্র বাহিনীর ‘শক্তিশালী ও সিদ্ধান্তমূলক জবাবের’ কারণেই সর্বশেষ আগ্রাসন থামতে বাধ্য হয়েছে।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ

ট্রাম্পের দাবি প্রত্যাখ্যান

একই দিনে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেন, ইরানে বোমাবর্ষণ শিগগিরই বন্ধ হবে এবং ইরানের ঊর্ধ্বতন কর্মকর্তারা হামলা বন্ধের অনুরোধ জানিয়ে তার সঙ্গে যোগাযোগ করেছেন। তবে আইআরজিসি এই দাবি প্রত্যাখ্যান করে একে ‘যুদ্ধ থেকে পালানোর অজুহাত’ বলে অভিহিত করে। খাতাম আল-আম্বিয়া সদরদপ্তর জানিয়েছে, যুক্তরাষ্ট্রের হামলার বিরুদ্ধে ইরানের সামরিক প্রতিক্রিয়া অব্যাহত থাকবে, তবে পরবর্তী পদক্ষেপের সময় বা পরিধি সম্পর্কে কিছু বলা হয়নি।

হরমুজ প্রণালি বন্ধ

সর্বশেষ পরিস্থিতিতে খাতাম আল-আম্বিয়া কেন্দ্রীয় সদরদপ্তর কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালি বন্ধের নির্দেশ দিয়েছে। বিবৃতিতে বলা হয়, ‘এ মুহূর্ত থেকে অঞ্চলের নিরাপত্তাহীনতার কারণে হরমুজ প্রণালি সব ধরনের জাহাজ চলাচলের জন্য বন্ধ ঘোষণা করা হলো। তেলবাহী ট্যাংকার ও বাণিজ্যিক জাহাজসহ যেকোনো নৌযান চলাচলকে লক্ষ্যবস্তু করা হবে।’

এদিকে দক্ষিণ ইরানের হরমোজগান প্রদেশসহ বিভিন্ন এলাকায় নতুন করে বিস্ফোরণের খবর পাওয়া গেছে। একই সময় মার্কিন সামরিক বাহিনীও ইরানের বিরুদ্ধে নতুন দফার হামলা চালানোর কথা নিশ্চিত করেছে। সূত্র: প্রেস টিভি