যুক্তরাষ্ট্রে অডিওবুকের জনপ্রিয়তা ক্রমেই বাড়ছে। ২০২৫ সালে দেশটির অডিওবুক শিল্পের বিক্রি ৯ শতাংশ বৃদ্ধি পেয়ে ২ দশমিক ৪৩ বিলিয়ন ডলারে পৌঁছেছে। একই সঙ্গে অডিওবুক প্রকাশের সংখ্যাও উল্লেখযোগ্য হারে বেড়েছে।
বিক্রি ও প্রকাশনার তথ্য
দেশটির অডিও পাবলিশার্স অ্যাসোসিয়েশন (এপিএ) প্রকাশিত বার্ষিক বিক্রয় জরিপে দেখা গেছে, ২০২৫ সালে প্রকাশকদের প্রকাশিত অডিওবুকের সংখ্যা ৭ লাখ ৫০ হাজার ছাড়িয়েছে, যা আগের বছরের তুলনায় ৪৩ শতাংশ বেশি। আয়ের দিক থেকে সাধারণ কথাসাহিত্য সবচেয়ে এগিয়ে। মোট অডিওবুক আয়ের ২৭ শতাংশ এসেছে এই বিভাগ থেকে। এ ছাড়া বিজ্ঞান কল্পকাহিনি, ফ্যান্টাসি, রোমান্স ও রহস্য-থ্রিলার ঘরানার বইও জনপ্রিয়তা পেয়েছে। গত বছর সবচেয়ে দ্রুত বেড়ে ওঠা বিভাগগুলোর মধ্যে ছিল হাস্যরস, কথাসাহিত্য ও শিশুকিশোর সাহিত্য।
শ্রোতার সংখ্যা বৃদ্ধি
বিক্রয় জরিপের পাশাপাশি ভোক্তা জরিপে দেখা গেছে, অডিওবুক শ্রোতার সংখ্যা ধারাবাহিকভাবে বাড়ছে। জরিপে অংশ নেওয়া শ্রোতাদের ৬৩ শতাংশ জানিয়েছেন, তাঁরা গত এক বছরে অন্তত একটি অডিওবুক শুনেছেন। ৩৫ শতাংশ গত এক মাসের মধ্যেই অডিওবুক শুনেছেন। সামগ্রিকভাবে যুক্তরাষ্ট্রের ১৮ বছর বা এর বেশি বয়সী মানুষের ৫৮ শতাংশ জীবনের কোনো না কোনো সময় অডিওবুক শুনেছেন। সংখ্যার হিসাবে এটি প্রায় ১৫ কোটি ৭০ লাখ মানুষ।
অডিওবুক শোনার মাধ্যম
অডিওবুক শোনার উৎসও বৈচিত্র্যময়। গত এক বছরে অডিওবুক শুনেছেন—এমন ব্যক্তিদের মধ্যে ৪৯ শতাংশ সরাসরি ওয়েবসাইট বা অ্যাপ থেকে বই কিনেছেন, ৪৮ শতাংশ সাবস্ক্রিপশন সেবা ব্যবহার করেছেন এবং ৪৬ শতাংশ ডিজিটাল লাইব্রেরি অ্যাপের মাধ্যমে বই ধার নিয়েছেন।
জনপ্রিয়তার কারণ
জরিপ অনুযায়ী, অডিওবুক জনপ্রিয় হওয়ার প্রধান কারণ এর সুবিধাজনক ব্যবহার। ৮৬ শতাংশ শ্রোতা বলেছেন, অন্য কাজের পাশাপাশি অডিওবুক শোনা যায়। ৮৪ শতাংশের মতে, চলার পথে সহজে শোনা যায় বলেই এটি জনপ্রিয়। অন্যদিকে ৭০ শতাংশ শ্রোতা অডিওবুককে স্ক্রিনের সামনে সময় কাটানোর বিকল্প হিসেবে দেখছেন।
সূত্র: পাবলিশার্স উইকলি



