মধ্যপ্রাচ্যের যুদ্ধে বৈশ্বিক অর্থনীতির স্থিতিশীলতা হুমকির মুখে: আইএমএফের সতর্কবার্তা
মধ্যপ্রাচ্যের যুদ্ধে বৈশ্বিক অর্থনীতির স্থিতিশীলতা হুমকিতে

মধ্যপ্রাচ্যের যুদ্ধে বৈশ্বিক অর্থনীতির স্থিতিশীলতা হুমকির মুখে: আইএমএফের সতর্কবার্তা

আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ) তাদের সর্বশেষ প্রতিবেদনে সতর্ক করে বলেছে, মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধ বৈশ্বিক অর্থনীতির জন্য বড় ধরনের ঝুঁকি তৈরি করেছে। মঙ্গলবার (১৪ এপ্রিল) প্রকাশিত 'ওয়ার্ল্ড ইকোনমিক আউটলুক' প্রতিবেদনে সংস্থাটি উল্লেখ করে, কোভিড-১৯ মহামারি, রাশিয়া-ইউক্রেন যুদ্ধ এবং উচ্চ মূল্যস্ফীতির ধাক্কা কাটিয়ে বৈশ্বিক অর্থনীতি কিছুটা স্থিতিশীলতায় ফিরেছিল। তবে মধ্যপ্রাচ্যে নতুন করে শুরু হওয়া যুদ্ধে সেই স্থিতিশীলতা আবার ব্যাহত হয়েছে এবং বৈশ্বিক প্রবৃদ্ধির গতি থেমে গেছে।

জ্বালানি বাজারে বিঘ্নের প্রভাব

আইএমএফের মতে, জ্বালানি তেলের বাজারে দীর্ঘমেয়াদি বিঘ্ন ঘটলে বিশ্ব অর্থনীতির প্রবৃদ্ধি কমে যাবে, মূল্যস্ফীতি বাড়বে এবং বৈশ্বিক মন্দার আশঙ্কাও সৃষ্টি হতে পারে। সংস্থাটির প্রধান অর্থনীতিবিদ পিয়ের-অলিভিয়ে গুরিনশাস বলেন, "যুদ্ধ শুরুর পর বৈশ্বিক অর্থনৈতিক পরিস্থিতি হঠাৎ করেই খারাপ হয়েছে এবং পূর্বের স্থিতিশীল প্রবৃদ্ধির ধারাবাহিকতায় বাধা তৈরি হয়েছে।" যুদ্ধ স্বল্পস্থায়ী হলেও ইতোমধ্যে বৈশ্বিক অর্থনীতিতে নেতিবাচক প্রভাব পড়েছে। ২০২৫ সালের বৈশ্বিক প্রবৃদ্ধি ৩.৪ শতাংশ থেকে কমে ২০২৬ সালে ৩.১ শতাংশে নেমে আসতে পারে বলে পূর্বাভাস দেওয়া হয়েছে।

তেল ও গ্যাসের দাম বৃদ্ধির প্রভাব

যুদ্ধের কারণে আন্তর্জাতিক বাজারে তেলের দাম ব্যারেলপ্রতি ১০০ ডলারের ওপরে উঠেছে। প্রাকৃতিক গ্যাসের দাম ৮০ শতাংশের বেশি বৃদ্ধি পেয়েছে এবং সার উৎপাদনের খরচও বেড়ে গেছে। এসবের কারণে বৈশ্বিক খাদ্য উৎপাদনে চাপ তৈরি করছে। আইএমএফ বিভিন্ন পরিস্থিতি বিশ্লেষণ করে বলেছে, সবচেয়ে খারাপ অবস্থায় জ্বালানি সরবরাহে দীর্ঘস্থায়ী বিঘ্ন ঘটলে বৈশ্বিক প্রবৃদ্ধি দুই শতাংশে নেমে যেতে পারে এবং মূল্যস্ফীতি ছয় শতাংশ পর্যন্ত পৌঁছাতে পারে। এমন পরিস্থিতিতে কেন্দ্রীয় ব্যাংকগুলোকে সুদের হার বাড়াতে বাধ্য হতে হবে, যা বৈশ্বিক অর্থনীতিতে আরও চাপ সৃষ্টি করবে।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ
Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

ক্ষতিগ্রস্ত দেশ ও সম্ভাব্য ফলাফল

আইএমএফের মতে, এই সংকটে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হবে নিম্ন আয়ের দেশ ও উন্নয়নশীল অর্থনীতির দেশগুলো। পাশাপাশি মধ্যপ্রাচ্যের তেল রপ্তানিকারক দেশগুলোও বড় ধরনের ক্ষতির মুখে পড়বে। তবে উন্নত অর্থনীতির দেশ তুলনামূলক ভালো থাকলেও তারাও প্রভাবমুক্ত নয়। যুক্তরাষ্ট্রের অর্থনীতি ২০২৬ সালে ২.৩ শতাংশ প্রবৃদ্ধি অর্জন করতে পারে বলে আইএমএফ পূর্বাভাস দিয়েছে। যুদ্ধ যদি তুলনামূলক ভালো পরিস্থিতিতে দ্রুত শেষ হয় এবং হরমুজ প্রণালি পুনরায় চালু হয়, তবুও জ্বালানি পণ্যের দাম এ বছর প্রায় ২১.৪ শতাংশ পর্যন্ত বৃদ্ধি পেতে পারে, যা বিশ্ব অর্থনীতিতে খরচের চাপ অব্যাহত রাখবে।

সংস্থাটি আরও জানায়, কিছু সপ্তাহ আগেও বৈশ্বিক অর্থনীতির প্রধান আলোচ্য বিষয় ছিল বাণিজ্য উত্তেজনা, কৃত্রিম বুদ্ধিমত্তার প্রভাব এবং আর্থিক ভারসাম্যহীনতা। কিন্তু এখন আলোচনার কেন্দ্রবিন্দু হয়ে উঠেছে মধ্যপ্রাচ্যের যুদ্ধ এবং এর জ্বালানি ও বৈশ্বিক অর্থনীতিতে প্রভাব। এই সতর্কবার্তা বৈশ্বিক নীতিনির্ধারকদের জন্য একটি গুরুত্বপূর্ণ সংকেত হিসেবে কাজ করছে।