অতিরিক্ত যানবাহনের চাপ, বৃষ্টি ও যমুনা সেতু সংযোগ সড়কে রাতে একাধিক গাড়ি বিকল হওয়ায় ঢাকা-টাঙ্গাইল-যমুনা সেতু মহাসড়কে ২৩ কিলোমিটার এলাকাজুড়ে থেমে থেমে গাড়ি চলছে। সোমবার (২৫ মে) দিবাগত মধ্যরাত থেকে যমুনা সেতুর টোল প্লাজা থেকে সদর উপজেলার রাবনা বাইপাস পর্যন্ত থেমে এ যানজটের সৃষ্টি হয়। মঙ্গলবার সকাল ৯টার দিকেও এমন চিত্র লক্ষ্য করা গেছে।
এদিকে, এই যানজটের কারণে চরম ভোগান্তিতে পড়েছেন সাধারণ যাত্রীরা। বিশেষ করে বাস ও ট্রাকে থাকা নারী, শিশু এবং বৃদ্ধদের পোহাতে হচ্ছে অবর্ণনীয় কষ্ট। দীর্ঘক্ষণ গণপরিবহনে আটকে থেকে অনেকেই ক্ষোভ প্রকাশ করেছেন।
গাজীপুরের মৌচাক থেকে আসা পাবনাগামী মোতালেব মিয়া বলেন, ‘ভোরে বাস না পেয়ে ট্রাকে ওঠেছি। দেড় ঘণ্টার সড়ক আসতে সময় লেগেছে প্রায় সাড়ে ৩ ঘণ্টা। মহাসড়কের পৌলিতে এসেও আটকে আছি।’
নারী যাত্রী নিলুফা বেগম বলেন, ‘আমি পাবনা যাবো। টাঙ্গাইলের ঘারিন্দার পর থেকে থেমে থেমে যানজট। একটু যায়, আবার আটকে যাচ্ছে গাড়ি। এতে ভোগান্তি পোহাতে হচ্ছে।’
যুবক মনোয়ার মিয়া বলেন, ‘কোনও বাসেই আসন ফাঁকা নেই। দাঁড়ানোর জায়গাও নেই। বাধ্য হয়ে অতিরিক্ত ভাড়া দিয়ে ট্রাকে যাচ্ছি। এখানেও যানজটে কষ্ট হচ্ছে।’
যমুনা সেতু সাইট অফিসের নির্বাহী প্রকৌশলী সৈয়দ রিয়াজ উদ্দিন বলেন, ‘রাতের বেলা বৃষ্টি এবং ধারণক্ষমতার অতিরিক্ত যানবাহনের চাপের কারণেই মহাসড়কে কিছুটা জটলার সৃষ্টি হয়েছে। তবে পরিস্থিতি নিয়ন্ত্রণে কাজ চলছে এবং বেলা বাড়ার সঙ্গে সঙ্গে যান চলাচল স্বাভাবিক হয়ে আসছে।’



