ইন্দোনেশিয়ায় ৬.৭ মাত্রার শক্তিশালী ভূমিকম্প
ইন্দোনেশিয়ার মধ্য সুলাওয়েসি প্রদেশে মঙ্গলবার (১৬ জুন) ৬ দশমিক ৭ মাত্রার একটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) এই তথ্য জানিয়েছে।
বার্তা সংস্থা এএফপির প্রতিবেদনে বলা হয়েছে, স্থানীয় সময় মঙ্গলবার সকাল ১০টা ২৭ মিনিটে প্রদেশটির রাজধানী পালু শহরের পূর্ব-দক্ষিণ-পূর্বাঞ্চলে ভূমিকম্পটি অনুভূত হয়। তবে তাৎক্ষণিকভাবে কোনো প্রাণহানি বা বড় ধরনের ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।
স্থানীয় কর্তৃপক্ষ পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে। ভূমিকম্পের পর সংশ্লিষ্ট সংস্থাগুলো সম্ভাব্য ক্ষয়ক্ষতির তথ্য সংগ্রহে কাজ করছে। এখন পর্যন্ত বড় ধরনের কোনো নেতিবাচক প্রভাবের তথ্য পাওয়া যায়নি বলে জানিয়েছে কর্তৃপক্ষ।
ইন্দোনেশিয়া ভূমিকম্পপ্রবণ অঞ্চল হিসেবে পরিচিত। দেশটিতে প্রায়ই ভূমিকম্প ও সুনামির ঘটনা ঘটে। তবে এই ভূমিকম্পে এখনো কোনো সুনামি সতর্কতা জারি করা হয়নি।



