জয়পুরহাটের আক্কেলপুরে রেলস্টেশন এলাকায় ট্রেনের নিচে মাথা দিয়ে আশরাফুল ইসলাম (২৩) নামে এক যুবক আত্মহত্যা করেছেন। মঙ্গলবার (২৩ জুন) সকালে আক্কেলপুর রেলস্টেশন এলাকায় এ ঘটনা ঘটে। তবে ওই যুবকের আত্মহত্যার কারণ জানা যায়নি।
কীভাবে ঘটেছে ঘটনা
প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে স্থানীয় লোকজন জানান, মঙ্গলবার সকালে রাজশাহী থেকে চিলাহাটি আন্তঃনগর এক্সপ্রেস ট্রেনটি আক্কেলপুর স্টেশনে পৌঁছানোর পর ওই যুবক ট্রেনের চাকার সামনে রেললাইনের উপর শুয়ে নিজের মাথা রাখেন। ট্রেনটি চলে যাওয়ার পর স্থানীয়রা তার দ্বিখণ্ডিত নিথর দেহ দেখতে পান।
শনাক্তকরণ ও পরিবার
আক্কেলপুর রেলস্টেশনের দায়িত্বপ্রাপ্ত স্টেশনমাস্টার হাসিবুল হাসান বলেন, 'আমি খবর পেয়ে দ্রুত রেলস্টেশনের প্ল্যাটফর্মের নিচে রেললাইনের ওপরে এক ব্যক্তির দ্বিখণ্ডিত দেহ দেখতে পাই। তার পকেটে কাগজপত্রসহ জাতীয় পরিচয়পত্র পাওয়া যায়; যা দেখে জানা যায় যে, ওই যুবকের নাম আশরাফুল ইসলাম। তার বাড়ি পঞ্চগড় জেলার দেবীগঞ্জ উপজেলার সাহাপুর পূর্ব টুকরা গ্রামে। তার পিতার নাম আবুল হোসেন।'
পুলিশি ব্যবস্থা
তিনি আরও জানান, এ ব্যাপারে সান্তাহার জিআরপি থানা ও পঞ্চগড় রেলস্টেশন মাস্টারকে খবর দেওয়া হয়। সান্তাহার জিআরপি থানার পুলিশ আক্কেলপুর রেলস্টেশনে এসে নিহত যুবকের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে নিয়ে গেছে। এ ব্যাপারে সান্তাহার জিআরপি থানায় একটি মামলা হয়েছে।



